বাবরের মাঝে কোহলির যে দক্ষতা দেখেন শোয়েব
রান তাড়ায় ভারতীয় তারকা ব্যাটসম্যানের মতোই খেলছেন বাবর, মনে হচ্ছে পাকিস্তানের সাবেক পেসারের।
রান তাড়াকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন বিরাট কোহলি। অসাধারণ সব ইনিংস খেলে ভারতকে কত ম্যাচই না জিতিয়েছেন তিনি। ভারতীয় তারকা ব্যাটসম্যানের সেই দক্ষতা বাবর আজমের মধ্যেও দেখছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।
করাচিতে বৃহস্পতিবার বাবরের ধ্রুপদী এক ইনিংসের সৌজন্যে ইংল্যান্ডের রান পাহাড় টপকায় পাকিস্তান। ২০০ রানের লক্ষ্যে ওপেনিংয়ে নেমে ৬৬ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১১০ রানের অপরাজিত ইনিংস খেলেন দলটির অধিনায়ক।
পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিক সেঞ্চুরির কীর্তি কেবলই বাবরের। প্রথমটি শতকটি করেছিলেন তিনি গত বছরের এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
সেটাও ছিল রান তাড়ায়। ২০৪ রানের লক্ষ্যে বাবরের ৪ ছক্কা ও ১৫ চারে গড়া ৫৯ বলে ১২২ রানের ইনিংসের সুবাদে ৯ উইকেটে জিতেছিল পাকিস্তান।
টি-টোয়েন্টিতে রান তাড়ায় কমপক্ষে ১ হাজার রান করা ব্যাটসম্যাদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩.৩৪ গড় বাবরের। ওয়ানডেতে এই তালিকায় আছেন তিনি দুইয়ে, গড় ৫৭.৩৭।
দুই সংস্করণেই শীর্ষে কোহলি। রান তাড়ায় কমপক্ষে ১ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটসম্যানের গড় ৭৬, আর ওয়ানডেতে ৬৬.৪১।
সম্প্রতি সময়ে অবশ্য বাবরের রানের জোয়ারে ছিল ভাটার টান। এশিয়া কাপে ৬ ইনিংসে রান করতে পারেন স্রেফ ৬৮। এতে তার ব্যাটিং নিয়ে শুরু হয়ে যায় নানা কথা। এবার ব্যাট দিয়েই সেসবের জবাব দিলেন বাবর। শোয়েব নিজের ইউটিউব চ্যানেলে উচ্ছ্বসিত প্রশংসা করলেন উত্তরসূরির।
“বিরাট কোহলি ছিল রান তাড়ায় সেরা। ওই শিল্পকে এখন আয়ত্ত করেছে বাবর। এটাই পাকিস্তানের দরকার-রান ও স্ট্রাইক রেট।”
বাবরের সঙ্গে আলোচনায় আছেন মোহাম্মদ রিজওয়ানও। রানের ধারায় থাকলেও এই কিপার-ব্যাটসম্যানের স্ট্রাইক রেট নিয়ে চলছে চর্চা। ইংলিশদের বিপক্ষে ১০ উইকেটে জয়ের ম্যাচে জ্বলে ওঠেন তারা। রেকর্ডের পর রেকর্ড গড়ে ২০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজন। রিজওয়ান ৫১ বলে খেলেন ৫ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৮৮ রানের ইনিংস।
স্ট্রাইক রেট নিয়ে বাবর-রিজওয়ানের সমালোচকদের একজন ছিলেন শোয়েবও। এই দুইজনের উদ্বোধনী জুটিতে বদল আনতেও বলেছিলেন তিনি। এবার সাবেক এই গতি তারকা বাবর-রিজওয়ানকে বললেন পরস্পরের পরিপূরক।
“দুই ওপেনার, বিশেষ করে বাবর আজম, আরও একবার দেখিয়েছে সে কেন বিশ্বের এক নম্বর। যখন সে দ্রুত রান করে, রিজওয়ানের জন্য কাজ সহজ হয়ে যায়। তারা একে অপরের পরিপূরক।”
বাবর ও রিজওয়ানকে সামনেও এমন ব্যাটিং চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন শোয়েব।
“স্ট্রাইক রেট খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রতি ম্যাচে এই স্ট্রাইক রেট ধরে রাখা সম্ভব না। তবে এটা নিশ্চিত করতে হবে, মিডল অর্ডারের জন্য কাজ কিছুটা সহজ করে দেওয়া। তাদের যেন ওভার প্রতি ১৩ রানের বেশি তাড়া করতে না হয়।”
সিরিজের তৃতীয় ম্যাচে শুক্রবার মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড।
