Published : 06 Feb 2026, 09:34 PM
টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত ছন্দে আছে ভারত। তাদেরকে মনে করা হচ্ছে, এই সংস্করণের এবারের বিশ্বকাপের ফেভারিট। কিন্তু এমনটা মানতে নারাজ কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার তারকা পেসারের মতে, এবারের বৈশ্বিক আসর সবার জন্য উন্মুক্ত।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। ব্রিজটাউনের রোমাঞ্চকর ফাইনালে ৭ রানের জয় পেয়েছিল রোহিত শার্মার দল। ওই বিশ্বকাপের পর নয়টি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত।
এবারের বিশ্বকাপ হচ্ছে উপমহাদেশে, ভারত ও শ্রীলঙ্কার যৌথ-আয়োজনে। সাম্প্রতিক ফর্মের পাশাপাশি কন্ডিশন বিবেচনায় ভারতকেই বিশ্বকাপের ফেভারিট মনে করা হচ্ছে।
টুর্নামেন্ট শুরুর আগের দিন শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাবাদা বলেন, এবারের আসরে শিরোপা জিততে পারে যে কেউ।
“এই টুর্নামেন্টে কাউকে ফেভারিট বলতে পারবেন না। আমার মনে হয়, শিরোপার দাবিদার সবাই। যে কেউ এটা জিততে পারে। আমরা নিশ্চিতভাবেই সেই সুযোগটি নিতে চাইব। ভারতীয় শিবিরে কি চলছে আমি নিশ্চিত নই। তবে এই টুর্নামেন্ট পুরোপুরি উন্মুক্ত।”
গত আসরের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী সোমবার, কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে।