১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মোটি-আকিলের ‘আসল পরীক্ষা’ দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে

সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে এই দুই স্পিনার মিলে ৫৬ রানে নেন ৭ উইকেট।

মোটি-আকিলের ‘আসল পরীক্ষা’ দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে
গুডাকেশ মোটি (বাঁয়ে) ও আকিল হোসেন। ছবি: ক্রিকেট উইন্ডিজ ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 07:55 AM

Updated : 26 Aug 2026, 03:01 PM

ওয়াংখেড়ের ব্যাটিং সহায়ক উইকেটে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ বোলিং করেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি ও আকিল হোসেন। তাদের বোলিংয়ে মুগ্ধ দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসি। তবে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে এই দুজনের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলে মনে করছেন তিনি।  

মুম্বাইয়ে সোমবার সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ২৫৪ রানের পুঁজি গড়ে ১০৭ রানের বড় জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়েকে ১৪৭ রানে অলআউট করতে বড় ভূমিকা রাখেন মোটি ও আকিল। দুজন মিলে ৫৬ রানে নেন ৭ উইকেট। 

নতুন বলে পাওয়ার প্লেতে তিন ওভার বোলিং করে ২১ রানে ২টি উইকেট নেন আকিল। ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে চার বলের মধ্যে ব্রায়ান বেনেট ও রায়ান বার্লকে ফেরান তিনি। 

পাওয়ার প্লে শেষের পর বোলিংয়ে এসে প্রথম ওভারেই উইকেট পান মোটি। নিজের তৃতীয় ওভারে তিনি পরপর দুই বলে উইকেট নেন দুটি। শেষ পর্যন্ত চার ওভারে একটি মেডেনে ২৮ রানে ৪ উইকেট নিয়ে দলের সফলতম বোলার তিনিই। আকিলও চার ওভারে একটি মেডেনে রান দেন ২৮, উইকেট নেন ৩টি।

ম্যাচের পর ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর ‘টাইমআউট’ অনুষ্ঠানে দুই ক্যারিবিয়ান স্পিনারের প্রশংসা করেন দু প্লেসি। পরের দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে তাদের কাজটা যে সহজ হবে না, সেটিও মনে করিয়ে দেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। 

“দক্ষিণ আফ্রিকায় ওদের (বোলিং) দেখেছি। তাদের দুজনের সঙ্গে এবং দুজনের বিপক্ষে অনেক ক্রিকেট খেলেছি আমি। অসাধারণ স্পিনার তারা। যদি উইকেটে একটু হলেও সুবিধা থাকে, তাহলে তারা দুজনই (সেটা কাজে লাগাবে)। কিন্তু পরীক্ষা হবে এখন, যখন তারা ভারতের অনেক বাঁহাতি ব্যাটসম্যানের বিপক্ষে বোলিং করবে, ওদের কীভাবে তারা সামলাবে। আর দক্ষিণ আফ্রিকা তাদের দুজনের বিপক্ষেই দক্ষিণ আফ্রিকায় খুব ভালো খেলেছে (এই বছরের জানুয়ারিতে টি-টোয়েন্টি সিরিজে)।” 

বৃহস্পতিবার আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর রোববার কলকাতায় তারা খেলবে ভারতের বিপক্ষে।