১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

৪৯৯ রান আর ৩৪ ছক্কার টি-টোয়েন্টি ম্যাচে যত রেকর্ড

ভারত ও ইংল্যান্ডের রান উৎসবের ম্যাচে রেকর্ড হয়েছে একগাদা।

৪৯৯ রান আর ৩৪ ছক্কার টি-টোয়েন্টি ম্যাচে যত রেকর্ড
দুর্দান্ত এক সেঞ্চুরি করেন জ্যাকব বেথেল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 08:26 AM

Updated : 26 Aug 2026, 03:05 PM

এক দলের রান ছাড়াল আড়াইশ। কাছাকাছি গেল আরেক দল। তাতে ব্যক্তিগত রেকর্ড যেমন হলো, তেমনি দলীয় রেকর্ডও হলো অনেক।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। প্রায় পাঁচশ রানের ম্যাচটি ঝড় তুলেছে রেকর্ড বইয়ে।

রান উৎসব

২০ ওভারে ভারত করে ৭ উইকেটে ২৫৩ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি। আর নকআউট ম্যাচে এটিই সর্বোচ্চ। 

নকআউট ম্যাচে দুইশ ছোঁয়া সংগ্রহ এতদিন ছিল কেবল একটি। ২০১২ আসরের সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেটে ২০৫ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম দল হিসেবে বিশ্বকাপে দুটি আড়াইশ ছোঁয়া সংগ্রহ গড়ল ভারত। এই আসরেই সুপার এইটে জিম্বাবুয়ের বিপক্ষে চেন্নাইয়ে ৪ উইকেটে ২৫৬ রান করে সুরিয়াকুমার ইয়াদাভের দল।

টি-টোয়েন্টিতে ভারতের আড়াইশ ছোঁয়া সংগ্রহ হলো মোট ছয়টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নজির তিনটির বেশি নেই আর কোনো দলের। আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের আছে পাঁচটি।

ভারতের ২৫৩ রানের জবাবে ইংল্যান্ডের ২৪৬, ম্যাচে মোট রান ৪৯৯। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দুই দল মিলিয়ে সর্বোচ্চ রান এটিই। একই মাঠে ২০১৬ আসরে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৪৫৯ ছিল আগের সর্বোচ্চ।  

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারত-ইংল্যান্ড ম্যাচের চেয়ে বেশি রান আছে কেবল একটি ম্যাচে- ২০২৩ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ৫১৭ রান।

ছক্কার সুনামি

এই ম্যাচে ছক্কা হয়েছে মোট ৩৪টি- ভারতের ১৯টি, ইংল্যান্ডের ১৫টি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এটি। একই মাঠে চলতি আসরে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে ম্যাচের ৩১ ছক্কা ছিল আগের সর্বোচ্চ। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে এর চেয়ে বেশি ছক্কার নজির আছে তিনটি।

ভারতের ইনিংসের ১৯ ছক্কা টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দলের যৌথভাবে সর্বোচ্চ। এই আসরে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজ ও ২০১৪ আসরে আয়ারল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা মেরেছিল ১৯ ছক্কা।

আসরে সব মিলিয়ে ভারতের ছক্কা হলো ৮৮টি। বিশ্বকাপের এক আসরে তো বটেই, যেকোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রতিযোগিতায় কোনো দলের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। ২০২৫ সালে জিব্রাল্টার ও তুরস্কের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বুলগেরিয়ার ৭৮ ছিল ছক্কা ছিল আগের রেকর্ড।

বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এতদিন ছিল ওয়েস্ট ইন্ডিজের; চলতি আসরে ৭৬টি।

৪২ বলে ৮৯ রানের ইনিংস খেলেন সাঞ্জু স্যামসন। ছবি: রয়টার্স

৪২ বলে ৮৯ রানের ইনিংস খেলেন সাঞ্জু স্যামসন

আর্চারের অনাকাঙ্ক্ষিত রেকর্ড (১)

ভারতের বিপক্ষে সাতটি ছক্কা হজম করেন ইংলিশ পেসার জফ্রা আর্চার। বিশ্বকাপের ম্যাচে কোনো বোলারের যা যৌথভাবে সর্বোচ্চ। ২০০৭ সালে ভারতের বিপক্ষেই স্টুয়ার্ট ব্রড ও ২০১২ আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাভিয়ের ডোহার্টি ছয়টি করে ছক্কা হজম করেছিলেন।

আর্চারের অনাকাঙ্ক্ষিত রেকর্ড (২)

চার ওভারে ৬১ রান দিয়ে একটি উইকেট পান আর্চার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে খরুচে বোলিং এটি। 

২০০৭ আসরে ভারতের বিপক্ষে চার ওভারে ৬০ রান দিয়ে আগের রেকর্ড ছিল স্টুয়ার্ট ব্রডের।

বেথেলের কীর্তি (১)

রান তাড়ায় ৪৮ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জ্যাকব বেথেল। টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এটি। 

আগের দিন প্রথম সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান তাড়ায় নিউ জিল্যান্ডের ফিন অ্যালেনের অপরাজিত ১০০ রান ছিল আগের সর্বোচ্চ।

ইংল্যান্ডের বিপক্ষে ৪২ বলে ৮৯ রানের ইনিংস খেলে ভারতের জয়ের নায়ক সাঞ্জু স্যামসন এই তালিকায় যৌথভাবে চার নম্বরে আছেন। 

বেথেলের কীর্তি (২)

প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি, এই তিন সংস্করণেই নিজের প্রথম সেঞ্চুরি আন্তর্জাতিক ক্রিকেটে করলেন বেথেল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করা ইংল্যান্ডের চতুর্থ ক্রিকেটার তিনি।

বেথেলের আগে দুজন

বিশ্বকাপে কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরির পরও দলের হারের তৃতীয় নজির এটি। ২০০৭ আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিস গেইলের সেঞ্চুরির ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও চলতি আসরে নিউ জিল্যান্ডের বিপক্ষে ইউভরাজ সিং সামরার সেঞ্চুরির ম্যাচে কানাডা হারের স্বাদ পেয়েছিল।   

ধোনিকে মনে করালেন দুবে

চলতি আসরে তিনবার রান আউট হলেন শিভাব দুবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে তিনবার রান আউট হওয়া দ্বিতীয় ব্যাটসম্যান তিনি। ২০০৭ সালে উদ্বোধনী আসরে এই অভিজ্ঞতা হয়েছিল মাহেন্দ্র সিং ধোনির।  

ভারুনের দুঃস্বপ্নের রাত

চার ওভারে ৬৪ রান দিয়ে একটি উইকেট পান রহস্য স্পিনার ভারুন চক্রবর্তি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতের কোনো বোলারের সবচেয়ে খরুচে বোলিং এটি। 

২০০৭ আসরে ডারবানে ইংল্যান্ডের বিপক্ষেই চার ওভারে ৫৭ রান দিয়ে এতদিন অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি ছিল জোগিন্দার শার্মার।

বিশ্বকাপে সব দেশ মিলিয়ে এক ম্যাচে ভারুনের চেয়ে বেশি রান দেওয়ার নজির আছে একজনের। চলতি আসরে ওয়াংখেড়েতেই ভারতের বিপক্ষে চার ওভারে ৬৫ রান দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সৌরাভ নেত্রাভালকার।

২০০৭ আসরে জোহানেসবার্গে পাকিস্তানের বিপক্ষে ভারুনের সমান ৬৪ রান দিয়েছিলেন শ্রীলঙ্কান গ্রেট সানাৎ জায়াসুরিয়াও।

এই তালিকায় তাদের পরেই আছেন বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা। ২০১৪ আসরে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে চার ওভারে ৬৩ রান দিয়েছিলেন তিনি।

সবার ওপরে ভারত

এই নিয়ে ১৫ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠল ভারত, যা কোনো দলের সর্বোচ্চ। ভারত ছাড়িয়ে গেল অস্ট্রেলিয়াকে (১৪ বার)।

ভারত চারবার ফাইনালে উঠেছে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচবার, টেস্ট চ্যাম্পিয়নশিপে দুইবার।