Published : 10 Feb 2026, 11:01 AM
নামগুলি দেখলেই পরিচয় অনেকটা বোঝা যায়। কেউ এসেছেন ভারত থেকে, কেউ বা পাকিস্তান থেকে। বাস্তব চিত্রও সেটিই। সংযুক্ত আরব আমিরাতের দলটির বেশির ভাগ ক্রিকেটারের শেকড়ই ভারত ও পাকিস্তানে। তবে সেই পরিচয় মিলিয়ে গেছে বলেই মনে করেন মুহাম্মাদ ওয়াসিম। আমিরাতের অধিনায়কের দৃপ্ত উচ্চারণ, এই দলের ভেতর কোনো বিভাজন নেই।
ওয়াসিম নিজেও এসেছেন পাকিস্তান থেকে। তিনি বেড়ে উঠেছেন পাঞ্জাবের মিয়াঁ চান্নু এলাকায়। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলেছেন। ২৩ বছর বয়সে পাড়ি জমিয়েছেন আমিরাতে। মূলত জীবিকার তাগিদেই, পাশাপাশি ছিল ক্রিকেট খেলাও। সেই ওয়াসিম এখন আমিরাতের অধিনায়ক, আর্ন্তর্জাতিক টি-টোয়েন্টির সবচেয়ে সফল ব্যাটসম্যানদের একজন এবং বিশ্ব ক্রিকেটে সহযোগী দেশগুলির বড় বিজ্ঞাপন।
তার দলের অন্য বেশির ভাগ ক্রিকেটারদের গল্পটিই কমবেশি একইরকম। তাদেরকে তাই প্রায়ই উল্লেখ করা হয় প্রবাসীদের দল হিসেবে।
তবে এবারের বিশ্বকাপে দলের প্রথম ম্যাচের আগে সেই ধারণাগুলিকে উড়িয়ে দিয়ে ঐক্যের জয়গান শোনা গেল ওয়াসিমের কণ্ঠে।
“এখানে কোনো ভারত-পাকিস্তান নেই। আমরা সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলছি এবং নিজেদেরকে সবসময় একটি পরিবার হিসেবেই দেখি। পরিবার ও বন্ধুর মতো থাকি আমরা, একসঙ্গে সময় কাটাই। সত্যি বলতে, এই দলে কোনো ভারতীয় বা পাকিস্তানি নেই।”
প্রথম ম্যাচে আমিরাতের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। ২০২৩ সালে কিউইদের হারিয়ে দারুণ চমক উপহার দিয়েছিল ওয়াসিমের দল। এবারের বাস্তবতা ভিন্ন বলেই মনে করেন অধিনায়ক, তবে নিজেদের ওপর বিশ্বাসের কমতি নেই তার।
“আমাদের কৌশল খুব সাধারণ। আমরা ওদেরকে আগে হারিয়েছিলাম, তবে এবার ভেন্যু ভিন্ন, টুর্নামেন্ট, ম্যাচ সবই আলাদা। এবার আমাদের পরিকল্পনাও ভিন্ন। ওদের দল দারুণ, খুব অভিজ্ঞও। তবে আমরা অনেক পরিশ্রম করেছি এবং চ্যাম্পিয়ন দলের মতোই নিজেদের প্রস্তুত করেছি। ওদের বিপক্ষে কালকে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।”