Published : 11 Feb 2026, 09:19 AM
অনেক টানাপোড়েনের পর কেটে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা। এবার শুরু হয়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ের সম্ভাব্য ফল নিয়ে আলোচনা। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মতে, তার উত্তরসূরিদের সহজে হারাতে পারবে না পাকিস্তান।
চলতি মাসের শুরুতে ভারতের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি বর্জনের ঘোষণা দেয় পাকিস্তান সরকার। বাণিজ্যিক দিক থেকে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি আয়োজন করতে উঠেপড়ে লাগে আইসিসি। রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সভা করে সংকটময় পরিস্থিতির ইতি টানতে সক্ষম হয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।
পরদিন নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দেয় পাকিস্তান সরকার। আগামী রোববার কলম্বোয় মুখোমুখি হবে এশিয়ার দুই প্রতিবেশি।
এনডিটিভির সঙ্গে আলাপকালে সৌরভ বলেন, এই ভারত খুবই শক্তিশালী। তাদের হারানো পাকিস্তানের জন্য খুব কঠিন হবে।
“এটা বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি হবে। আগামী ১৫ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ম্যাচটি। আর এই লড়াইয়ে ভারতকে হারানো পাকিস্তানের জন্য সহজ হবে না। ভারত খুবই শক্তিশালী দল।”
রাজনৈতিক বৈরি সম্পর্কের কারণে এক যুগের বেশি সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। তাদের দেখা হয় কেবল আইসিসি ও এসিসির টুর্নামেন্টে।
বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্স একদমই ভালো নয়। ২০ ওভারের বৈশ্বিক আসরে আটবারের দেখায় সাতবারই হেরেছে তারা। আর ওয়ানডে বিশ্বকাপে আটবার মুখোমুখি হবে প্রতিবারই পেয়েছে হারের তেতো স্বাদ।
এশিয়া কাপের গত আসরে ফাইনালসহ তিনবারের দেখায় প্রতিবারই পাকিস্তানকে হারায় ভারত। সব মিলিয়ে, টি-টোয়েন্টিতে দুই দলের ১৬ বারের সাক্ষাতে ভারতের জয় ১৩টিতে।
পরিসংখ্যানে এগিয়ে থাকা ভারত সম্প্রতি টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দেও আছে। এই সংস্করণের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তারা। ২০২৪ বিশ্বকাপের পর নয়টি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত।