Published : 13 Feb 2026, 01:12 PM
আগের ম্যাচের চোটের পর শঙ্কা ছিল ব্রেন্ডান টেইলরের একাদশে থাকা নিয়ে। কিন্তু ধারণার চেয়েও গুরুতর প্রমাণিত হলো তার চোট। বিশ্বকাপই শেষ হয়ে গেল জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যানের। তার দুর্ভাগ্যই বেন কারানোর জন্য বয়ে আনল সৌভাগ্য। বদলি হিসেবে সুযোগ পেলেন বিখ্যাত ক্রিকেট পরিবারের এই ব্যাটসম্যান।
এবারের বিশ্বকাপে জিম্বাবুয়ের প্রথম ম্যাচে গত সোমবার চোটে পড়েন টেইলর। ওমানের বিপক্ষে উইকেটের পেছনে তিনটি ক্যাচ নেওয়ার পর ব্যাটিংয়ে রান তাড়ায় নামেন তিনি চার নম্বরে। ত্রয়োদশ ওভারে সিঙ্গল নিতে গিয়ে পায়ে টান লাগে তার।
এরপর আর ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়ার আগে করেন ৩০ বলে ৩১ রান।
কলম্বোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবার টসের সময় জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা জানান, হ্যামস্ট্রিংয়ের চোটে বিশ্বকাপ শেষ হয়ে গেছে টেইলরের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে টেইলরের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন টনি মুনিয়োঙ্গা। কিপিংয়ের দায়িত্ব পালন করবেন টাডিওয়ানাশে মারুমানি।
টেইলরের জন্য এভাবে ছিটকে পড়াটা প্রবল হতাশার। সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর গত জুলাইয়ে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন টেইলর। এরপর দেশের হয়ে দুটি করে টেস্ট ও ওয়ানডে এবং ১৪ টি-টোয়েন্টি খেলেন তিনি। সব মিলিয়ে জিম্বাবুয়ের জার্সিতে ৩৬ টেস্ট, ২০৭ ওয়ানডে ও ৫৯ টি-টোয়েন্টি খেলে ১০ হাজারের বেশি রান করেছেন ৪০ বছর বয়সী ক্রিকেটার।
একসময় মাদক ও অ্যালকোহলে ডুবে যাওয়া তারকা নিজেকে শুধরে অনেক ঘাম ঝরিয়ে ক্রিকেটে নতুন শুরু করেছিলেন মূলত এই বিশ্বকাপে তাকিয়েই। সেখান থেকে ছিটকে গেলেন এক ম্যাচ পরই । তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও এখন কৌতূহল থাকবে। অবশ্য দেশের মাঠে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে তাকাতে পারেন তিনি এখন।
বদলি হিসেবে ডাক পাওয়া বেন কারান আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বাদ পাননি। জিম্বাবুয়ের হয়ে ৮টি করে টেস্ট ও ওয়ানডে এখনও পর্যন্ত খেলেছেন তিনি।
বেনের ছোট ভাই স্যাম কারান ইংল্যান্ডের হয়ে খেলছেন এই বিশ্বকাপে। তাদের বড় ভাই টম কারান ইংল্যান্ডের জার্সিতে তিন সংস্করণে খেলেছেন ৬০ ম্যাচ।
তাদের বাবা কেভিন ম্যালকম কারান জিম্বাবুয়ের হয়ে টেস্ট পূর্ব যুগে খেলেছেন ১১ ওয়ানডে। খেলেছেন ১৯৮৭ বিশ্বকাপে। তার বাবা কেভিন প্যাট্রিক কারানও ছিলেন ক্রিকেটার। জিম্বাবুয়েতে দীর্ঘদিন খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে।