Published : 05 Mar 2026, 08:43 PM
বিশ্বকাপে ব্যাটে হাতে সময়টা ভালো কাটছে না জস বাটলারের। তবে পরিসংখ্যানের একটি পাতায় নিজেকে আরেকটু ওপরে তুলে নিলেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে খেলছেন বাটলার। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ৪৩তম ম্যাচ এটি, যৌথভাবে প্রতিযোগিতাটিতে যা দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার কীর্তি।
টি-টোয়েন্টির বিশ্ব আসরে ৪৩ ম্যাচ খেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসানও। ২০০৭ থেকে ২০২৪, প্রথম ৯ আসরের সবগুলোতে খেলেছেন এই অলরাউন্ডার।
সবচেয়ে বেশি ৪৭ ম্যাচ খেলার রেকর্ড ভারতের ২০২৪ আসরের শিরোপা জয়ী অধিনায়ক রোহিত শার্মার।
বাটলার প্রথমবার বিশ্বকাপে খেলেন ২০১২ সালে। সেই থেকে এই নিয়ে টানা সাত আসরে খেলছেন তিনি।
এই নিয়ে বিশ্বকাপের নকআউট ম্যাচ খেলছেন তিনি সাতটি, এটিও যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ, আরও ছয় জনের সঙ্গে। যেখানে আছেন সেমি-ফাইনালে বাটলারের সতীর্থ আদিল রাশিদও। বাকিরা হলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, মাহেলা জায়াওয়ার্দেনে, তিলাকারাত্নে দিলশান, লাসিথ মালিঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস।
আটটি নকআউট ম্যাচ খেলে এখানেও সবার ওপরে আছেন রোহিত। ইংল্যান্ড ফাইনালে উঠলে রোহিতের পাশে বসার সুযোগ পাবেন বাটলার ও রাশিদ।
চলতি আসরে সেমি-ফাইনালের আগে সাত ইনিংসে বাটলার রান করতে পেরেছেন মোটে ৬২। সবশেষ পাঁচ ম্যাচ আউট হয়েছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। এই পাঁচ ম্যাচে একটি বাউন্ডারিও আসেনি তার ব্যাটে।