ট্রফি জিততে ‘পারফেক্ট’ ম্যাচের প্রয়োজন দেখেন না ব্রুক
জিততে পারলেই খুশি ইংল্যান্ডের অধিনায়ক, সেটা যেভাবেই হোক।
আগে এক দফায় কথাটি বলেছেন উইল জ্যাকস। ইংলিশ অলরাউন্ডারের সেই কথার প্রতিধ্বনি এবার তার অধিনায়কের কণ্ঠে। বিশ্বকাপ জেতার জন্য ‘পারফেক্ট’ ম্যাচ জরুরি নয় হ্যারি ব্রুকের চোখে। স্রেফ ম্যাচ জিতলেই তিনি খুশি।
ইংল্যান্ডের এই ‘পারফেক্ট’ ম্যাচ নিয়ে আলোচনা চলছে বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকে। এখনও পর্যন্ত কোনো ম্যাচে দাপুটে জয় তারা পায়নি, ব্যাটে-বলে নিজেদের সেরা খেলা বা নিখুঁত কোনো পারফরম্যান্স মেলে ধরতে পারেনি। তার পরও সবার আগে নিশ্চিত করেছে সেমি-ফাইনাল। সুপার এইটে তিন ম্যাচে অপরাজিতই ছিল তারা।
সেমি-ফাইনাল নিশ্চিত করার পর্ই জ্যাকস বলেছিলেন, ম্যাচ জিততে থাকলে ‘পারফেক্ট’ ম্যাচের পরোয়া তারা করেন না। সেমি-ফাইনালের আগে সেই প্রসঙ্গেই আবার একই ধরনের কথা বললেন ব্রুক।
“সত্যি বলতে, আমার মনে হয় না টুর্নামেন্ট জিততে আমাদের ‘পারফেক্ট’ ম্যাচ প্রয়োজন। যে ম্যাচগুলি আমরা জিতেছি, কোনোটিতেই পারফেক্ট ম্যাচের কাছাকাছিও ছিলাম না। তার পরও আমরা জিততে পেরেছি, কোনো কোনো ম্যচে সহজেই জিতেছি, কোনোটিতে কষ্টে। তবে শেষ পর্যন্ত উতরে যাওয়ার যে একতা ও বিশ্বাস আমরা আমরা সবাই মেলে ধরেছি এবং যে স্থিরতা দেখা পেরেছি, সেটিই আসল।”
বিশ্বকাপের প্রথম ম্যাচেই এবার নেপালের কাছে প্রায় হারতে বসেছিল ইংল্যান্ড। পরে কোনোরকমে ৪ রানে জিতেছে। পরীক্ষায় পড়েছে তারা পরেও। কিন্তু কোনো না কোনোভাবে ম্যাচ বের করে নিয়েছে। ব্রুকের মতে, এরকম জয় দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।
“আঁটসাঁট কয়েকটি ম্যাচ আমরা জিতেছি, বিশ্বকাপে যা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এবং খেলাটার গভীরে যেতে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি। এমন কিছু ম্যাচ আমরা জিতেছি, যা জেতার কথা ছিল না। যেটির মানে, কোনো ম্যাচেই আমরা একেবারে নাগালের বাইরে চলে যাইনি। বিশ্ব আসরে এই ব্যাপারগুলি একটি দলকে ভালো অবস্থানে পৌঁছে দেয়।”
ব্রুকদের সেই বিশ্বাস কতটা কাজে লাগবে, উত্তর মিলবে বৃহস্পতিবার। দ্বিতীয় সেমি-ফাইনালে তারা লড়বে ভারতের বিপক্ষে।
