১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আয়নায় তাকিয়ে বাটলারকে আগামীর সিদ্ধান্ত নিতে বললেন হার্মিসন

এই অভিজ্ঞ ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে খেলা উপভোগ করছেন কি না, সন্দিহান সাবেক ইংলিশ পেসার।

আয়নায় তাকিয়ে বাটলারকে আগামীর সিদ্ধান্ত নিতে বললেন হার্মিসন
বিশ্বকাপে ভালো করতে পারেননি জস বাটলার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 09:25 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

ব্যাটে হাতে ভুলে যাওয়ার মতো একটি বিশ্বকাপ কাটানো জস বাটলারকে ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবতে বললেন স্টিভ হার্মিসন। উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া অভিজ্ঞ ব্যাটসম্যান ইংল্যান্ডের হয়ে খেলা এখনও উপভোগ করছেন কি না, ঠিক বুঝতে পারছেন না দেশটির সাবেক পেসার।

সাদা বলে ইংল্যান্ডের ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন বাটলার। তার নেতৃত্বেই ইংল্যান্ড জেতে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ দিয়ে ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই সংস্করণে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। কিন্তু আসরটা তার কেটেছে ভীষণ বাজে। আট ইনিংসে ১০.৮৭ গড়ে স্রেফ ৮৭ রান করতে পেরেছেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান। 

টানা পাঁচ ম্যাচে দুই অঙ্কে যেতে ব্যর্থ হওয়ার পর, বৃহস্পতিবার সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে ১৭ বল ২৫ রান করেন বাটলার। ২৫৪ রানের লক্ষ্য তাড়ায় ৭ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ইংল্যান্ড।

ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে সবশেষ ১৫ ইনিংসে কোনো ফিফটি নেই বাটলারের। আন্তর্জাতিক ক্রিকেটের সাদা বলের দুই সংস্করণ ও দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টি মিলিয়ে সবশেষ ২৫ ইনিংসে তার ফিফটি স্রেফ একটি- গত জানুয়ারিতে ডারবান’স সুপার জায়ান্টসের হয়ে অপরাজিত ৯৭। 

ইংল্যান্ডের সবশেষ চারটি আইসিসি টুর্নামেন্টে ২৭ ইনিংসে তিনি পঞ্চাশ ছুঁতে পেরেছেন কেবল একবার; ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপরাজিত ৮৩।

৪৭ বছর বয়সী হার্মিসন টকস্পোর্টে বললেন, বাটলারের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় এসেছে।

“তাকে আয়নায় নিজের দিকে তাকিয়ে প্রশ্ন করতে হবে, ‘আমি কি সত্যিই আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে যেতে চাই? যদি উত্তর হয়, ‘আমি খেলব’, তাহলে খেলতে থাকুক... আমার মনে হয় জসের এটা ভাবার অধিকার আছে যে, ‘আরেকটি টুর্নামেন্টে যাওয়ার মতো অবস্থা আমার আছে কি না।’”

একমাত্র বাটলারকেই সমাধান খুঁজে বের করতে হবে বলে মনে করেন ইংল্যান্ডের হয়ে ৬৩ টেস্ট, ৫৮ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলা হার্মিসন।

“শুধুমাত্র জসই এর উত্তর দিতে পারবে এবং তাকে সেই সুযোগ দেওয়া উচিত। কিন্তু জসের দিকে তাকিয়ে আমি ঠিক বুঝতে পারি না যে, এই মুহূর্তে ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলা সে উপভোগ করছে কি না, আমি নিশ্চিত নই… যদি সেটা না হয়, তাহলে হয়তো জসের বলার সময় এসেছে, ‘আমি আমার সময় দিয়েছি, ইংল্যান্ডের জন্য সবকিছু দিয়েছি, আমি ইংল্যান্ডের সাদা বলের সেরা খেলোয়াড় ছিলাম এবং এখন অন্য কারো দায়িত্ব নেওয়ার সময়।’”