Published : 04 Mar 2026, 07:29 PM
দল ব্যর্থ হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে সফল ছিলেন সাহিবজাদা ফারহান। তার চমৎকার পারফরম্যান্সের ছাপ পড়ল র্যাঙ্কিংয়েও। এই সংস্করণের ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা দুই নম্বরে উঠে এলেন পাকিস্তানি ওপেনার। দীর্ঘদিন শীর্ষস্থান ধরে রাখা ভারতীয় ওপেনার আভিশেক শার্মার আরও কাছে পৌঁছে গেলেন তিনি।
যথারীতি বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে এক ধাপ এগিয়েছেন সাহিবজাদা। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে ইংলিশ ওপেনার ফিল সল্টকে টপকে গেছেন তিনি। ৮৪৮ রেটিং পয়েন্ট তার ক্যারিয়ার সেরা।
চূড়ার আভিশেকের সঙ্গে সাহিবজাদার রেটিং পয়েন্টের ব্যবধান স্রেফ ২৬। বিশ্বকাপে ছন্দের খোঁজে থাকা আভিশেকের রেটিং পয়েন্ট ৮৭৪।
ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে দুটি সেঞ্চুরি করেন সাহিবজাদা। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচে করেন যার একটি।
সব মিলিয়ে, ছয় ইনিংসে ৩৮৩ রান করে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তিনশ রানও করতে পারেননি আর কেউ। ধারাবাহিক পারফরম্যান্সে একের পর এক ধাপ এগিয়ে এখন তিনি দুইয়ে।
টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ করে এগিয়ে চার ও ছয়ে যথাক্রমে ভারতের ইশান কিষান ও তিলাক ভার্মা। সেরা দশে ঢুকেছেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস, এক ধাপ গিয়ে তিনি এখন অষ্টম স্থানে।
বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট (২৯২) ছয় ধাপ উন্নতি করেছেন, আছেন একাদশ স্থানে। ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পথে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতের সাঞ্জু স্যামসন ২৫ ধাপ এগিয়ে এখন ৪০ নম্বরে।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে ভারতের ভারুন চক্রবর্তি, দুইয়ে আফগানিস্তানের রাশিদ খান। দুই ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ।
ভারতের আর্শদিপ সিং, ইংল্যান্ডের লিয়ান ডসন, দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা ও কিউনা মাফাকা, নিউ জিল্যান্ডের ম্যাট হেনরি উল্লেখযোগ্য উন্নতি করেছেন।
টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় যথারীতি চূড়ায় জিম্বাবুয়ের সিকান্দার রাজা। এক ধাপ এগিয়ে দুইয়ে ভারতের হার্দিক পান্ডিয়া।