১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

৩৭২৪ ম্যাচে শামার জোসেফই প্রথম

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ২১ বছরের ইতিহাসে অনন্য এক কীর্তি গড়লেন ক্যারিবিয়ান পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2026, 07:33 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

এক ম্যাচে চার উইকেট পেতে বোলারদের দেখা যায় হরহামেশা। এক ম্যাচে চার ক্যাচও খুব বিরল নয়। তবে দুটিই যদি হয় একসঙ্গে? আন্তর্জাতিক টি-টোয়েন্টির দুই দশকের বেশি সময়ের ইতিহাসে এমন নজির ছিল না একটিও। শামার জোসেফের সৌজন্যে খুলে গেল সেই রুদ্ধ দুয়ার।

২০০৫ সালের ১৭ ফেব্রয়ারিতে ইতিহাসের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। ২১ বছর পর প্রথমবার দেখা গেল একই ম্যাচে একজনের ৪ উইকেট ও ৪ ক্যাচের কীর্তি। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ৩৭২৪তম ম্যাচে এসে অনন্য যুগলবন্দির এই নজির গড়লেন জোসেফ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার ইতালির বিপক্ষে কলকাতায় ৩০ রানে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ৪টি ক্যাচ নেন জোসেফ। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ম্যাচে ৪ উইকেটের স্বাদ পেলেন তিনি।

শুধু ছেলেদের ক্রিকেটেই নয়, মেয়েদের ক্রিকেটে ২৬১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিও একই ম্যাচে ৪ উইকেট ও ৪ ক্যাচ নিতে পারেননি কেউ।

ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ ক্যাচের সঙ্গে ৩ উইকেট ছিল এতদিন ৩ জনের। তাদের একজন এ দিনও ছিলেন মাঠেই, জোসেফদের কোচ ড্যারেন স্যামি!

২০১০ সাল বিশ্বকাপের গায়ানায় আয়ারল্যান্ডের বিপক্ষে ৩০ রানে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ৪ ক্যাচ নেন স্যামি। গত বছর সেটির পুনরাবৃত্তি করেন ইংল্যান্ডের জফ্রা আর্চার ও হাঙ্গেরির সাদাত সাইদ।

এক ম্যাচে ৪ উইকেটের সঙ্গে ৩ ক্যাচ আছে ৫ জনের- ইন্দোনেশিয়ার আঞ্জার তাদারুস, বারমুডার অ্যালান ডগলাস, কানাডার কালিম সানা, ডেনমার্কের নিকোলাজ লেগসগার্ড ও বতসোয়ানার কারাবো মতহানকা। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টির সীমানা ছাড়ি সব টি-টোয়েন্টি বিবেচনায় নিলে এক ম্যাচে ৪ ক্যাচের সঙ্গে ৫ উইকেট আছে একজনের। ২০১৪ সালে উস্টারশায়ারের ড্যারিল মিচেল এই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন নর্থ্যাম্পটনশায়ারের বিপক্ষে টি-টোয়েন্টি ব্লাস্টে।

জোসেফের মতো ৪ উইকেট ও ৪ ক্যাচ আছে আর ৪ জনের- শ্রীলঙ্কার কোল্টস ক্রিকেট ক্লাবের হয়ে মুথুমুদালিগে পুস্পাকুমারা ও আকিলা দানাঞ্জায়া, ভারতের গুজরাটের হয়ে প্রিয়াঙ্ক পাঞ্চাল ও বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার।