১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওয়াংখেড়ের দর্শকদের চুপ করিয়ে দিতে চান কারান

২০২২ আসরে ভারতের বিপক্ষে ১০ উইকেটে জেতা সেমি-ফাইনাল থেকে অনুপ্রেরণা নিচ্ছেন ইংলিশ অলরাউন্ডার।

ওয়াংখেড়ের দর্শকদের চুপ করিয়ে দিতে চান কারান
স্যাম কারান। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2026, 08:56 AM

Updated : 26 Aug 2026, 03:04 PM

ফাইনালে যাওয়ার লড়াইয়ে ভারতের বিপক্ষে নিখুঁত ম্যাচ খেলার দিকে তাকিয়ে স্যাম কারান। তিন বিভাগে এক সঙ্গে নিজেদের মেলে ধরে ওয়াংখেড়ের গ্যালারিকে চুপ করাতে চান এই ইংলিশ অলরাউন্ডার। 

মাঠের লড়াইয়ে নামার আগে ২০২২ আসরে ভারতের বিপক্ষে ১০ উইকেটে জেতা সেমি-ফাইনাল থেকে অনুপ্রেরণা নিচ্ছেন ইংলিশ অলরাউন্ডার। অ্যাডিলেইডে সেই ম্যাচে ১৬৯ রানের লক্ষ্য ২৪ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেন জস বাটলার ও অ্যালেক্স হেলস। 

মুম্বাইয়ে বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। মঙ্গলবার অনুশীলনের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের সম্ভাবনা নিয়ে বললেন কারান।

“সবাই বলছে, ইংল্যান্ড কবে নিখুঁত ম্যাচ খেলবে। এটা (অ্যাডিলেইডের সেমি-ফাইনাল) আমাদের নিখুঁত ম্যাচ। তাই আমরা যদি সেটার কাছাকাছি যেতে পারি, তাহলে দারুণ ব্যাপার হবে।”

“আমরা ইতিবাচক অনেক কিছুই (সেখান থেকে) নিচ্ছি। সত্যি বলতে, আমরা নিখুঁত ম্যাচ খেলি বা না, সেটাকে আমি গুরুত্ব দিচ্ছি না। আমি স্রেফ জিততে চাই এবং আরেকটি বিশ্বকাপ ফাইনালে যেতে চাই।”

এখন পর্যন্ত খেলা সাত ম্যাচে ইংল্যান্ডের সেরাটা দেখা যায়নি। নেপালের বিপক্ষে জিতেছে কোনোমতে। মুম্বাইয়ে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওই ম্যাচ যে উইকেটে হয়েছিল, সেটাতেই হবে সেমি-ফাইনাল। এই উইকেটেই নেপালকে হারিয়েছিল ইতালি। 

এখানে স্পিনারদের জন বেশ সহায়তা আছে; বিশ্বকাপে এই উইকেটে ওভারপ্রতি ৭.১৯ রান দিয়ে ১৪ উইকেট নিয়েছেন স্পিনাররা। পেসাররা আট উইকেট পেয়েছেন ওভারপ্রতি প্রায় সাড়ে ১০ করে রান দিয়ে।

এখানে টস বা শিশির খুব বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন না কারান।

“সেমি-ফাইনালে, প্রচুর… শিশির আছে নাকি নেই, সেই ভাবনা ভুলিয়ে দেবে চাপ। যদি আমরা আগে বোলিং করি, আশা করি, দারুণ করব আর যদি আগে ব্যাট করি তো আশা করি, বড় সংগ্রহ গড়তে পারব।”  

পৃথিবীর যে কোনো মাঠেই ভারতীয় দর্শকরা দলের দ্বাদশ খেলোয়াড় হিসেবে কাজ করেন। দেশের মাটিতে সমর্থন থাকবে আরও বেশি। এতে ভড়কে না গিয়ে বরং উপভোগ করে আরও ভালো খেলার কথা বললেন কারান।

“মাঠের দর্শকরা যে আবহ তৈরি করবে, এর জন্য আমরা প্রস্তুত। খেলোয়াড় হিসেবে আপনি আরও শিহরণ অনুভব করবেন। এমন স্টেডিয়াম ও চিৎকারের মধ্যে খেলা হবে দারুণ একটি ব্যাপার। যদি আমরা (ভারতের) সমর্থকদের চুপ রাখার পথ বের করি নিতে পারি, তাহলে সম্ভবত আমরা ম্যাচে খুব ভালো করব।”