Published : 20 Feb 2026, 11:49 AM
পাকিস্তানের ক্রিকেটে এখন চলছে ইটের জবাবে পাটকেল আর পাটকেলের জবাবে তোপ দাগানোর খেলা। আপাতত কেন্দ্রীয় চরিত্রে এখন শাদাব খান। সাবেক ক্রিকেটারদের সমালোচনার কড়া জবাব দেওয়ার পর এই অলরাউন্ডার এবার পেলেন পাল্টা জবাব। তার দলে ঢোকার প্রক্রিয়া নিয়ে খোঁচা দিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি চ্যালেঞ্জ ছুড়লেন, ‘জবাব দিতে চাইলে মাঠে পারফর্ম করে জবাব দাও।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে গত রোববার ভারতের কাছে হারার পর থেকে তুমুল সমালোচনার শিকার হতে হয়েছে পাকিস্তান দলকে। সাবেক ক্রিকেটাররা তুলাধুনা করেছেন এখনকার ক্রিকেটারদের। পরে নামিবিয়াকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করার পর শাদাব খান পাল্টা তির ছুড়ে বলেছেন, এই প্রজন্ম তবু একবার হলেও বিশ্বকাপে ভারতকে হারিয়েছে, সাবেকরা তো পারেনি একবারও।
ওয়ানডে বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বির ৮ লড়াইয়ে একটিও জিততে পারেনি পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ লড়াইয়ে ভারত জিতেছে ৮টিই। কেবল ২০২১ বিশ্বকাপে ১০ উইকেটে জিতেছিল পাকিস্তান। শাদাব, বাবর আজম, শাহিন আফ্রিদিরা ছিলেন সেই দলে।
শাদাবের যে খোঁচা দিয়েছেন সাবেকদের, সেটি মেনে নিচ্ছেন শাহিদ আফ্রিদি। তবে সাবেক এই অলরাউন্ডার সামা টিভিতে বললেন, ভারতের বিপক্ষে সেই জয়ের পর প্রাপ্য কৃতিত্বও দেওয়া হয়েছে দলকে।
“শাদাব একদম ঠিক বলেছে যে আমরা ভারতকে বিশ্বকাপে হারাতে পারিনি। ওদের দল একবার হারিয়েছে। হারানোর পর ওরা সম্মানও পেয়েছে। কিন্তু সেটা ওরা ধরে রাখতে পারেনি। ভারতকে হারানোর পর নিজেদের মধ্যে সমস্যা সামলাতে পারেনি ওরা। শাদাবের এটাও মনে রাখা উচিত, যখন সে দলের জন্য পারফর্ম করতে পারছিল না, তখন আমরা জাতীয় টেলিভিশনে ওর পাশে দাঁড়িয়ে বলেছি যে, এই ছেলেটা দলের মেরুদণ্ড।”
তবে স্রেফ মেনে নিয়েই থেমে থাকেননি আফ্রিদি। ভারতের সঙ্গে বিশ্বকাপে না পারলেও বড় ম্যাচে যে তারা পারফর্ম করেছেন, সেটি তুলে ধরলেন। শাদাবকেও তেমন কিছু করে দেখাতে বললেন পাকিস্তানে এখনও দারুণ জনপ্রিয় এই তারকা।
“শাদাবকে আমি খুব ভালো করে চিনি। ও ছেলে ভালো। এমনিতে সবসময় আমাদেরকে সম্মান দিয়েই কথা বলে। আমাদের সময় যখন লোকে সমালোচনা করত, তখন আমরা মাঠে পারফর্ম করেই জবাব দিতাম। ছোট দলের বিপক্ষে নয়, বড় দলের বিপক্ষেই পারফর্ম করতাম।”
“কাজেই শাদাব বেটা, আপনিও পারফরম্যান্স দেখাও! পারফর্ম করে দেখাও বেটা! তোমার কঠিন সময়ে আমরা পাশে থেকেছি। ঘরোয়া ক্রিকেট না খেলেও জাতীয় দলে এসেছো। আমাদেরকে জবাব দিতে চাইলে মাঠে পারফরম্যান্স করে জবাব দাও। পারফর্ম করে বিশ্বকাপ শেষ হতে দাও, আমরা চুপ করে যাব।”
শাদাবের মন্তব্যের পর তাকে একহাত নিয়েছিলেন পাকিস্তানের নব্বই দশকের তারকা ব্যাটসম্যান বাসিত আলিও। সাবেক ক্রিকেটারদের মধ্যে যে শাদাবের শ্বশুর সাবেক অফ স্পিনার সাকলাইন মুশতাকও আছেন, সেটি মনে করিয়ে দিয়েছেন তিনি।
“তার উচিত হয়নি নিজের শ্বশুরকে (সাকলাইন মুশতাক) নিয়ে এমন কথা বলা। সাকলাইন যে ধরনের ম্যাচ-উইনার ছিল, এরকম ১০টা শাদাব তার পকেটে থাকত। নব্বইয়ের দশকের তদবির করে দলে সুযোগ মিলত না; কেবল পারফরম্যান্সের ভিত্তিতে দল তৈরি করা হতো। কিছু সাংবাদিকের উচিত তাকে (শাদাব) তার নিজের পারফরম্যান্স নিয়ে জিজ্ঞাসা করা। সে কি বোলিং অলরাউন্ডার নাকি ব্যাটিং অলরাউন্ডার?”
পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর, সাবেক ক্রিকেটারদের নিয়ে এমন মন্তব্য ভালোভাবে নেয়নি পাকিস্তানের ক্রিকেট বোর্ডও এবং তারা সতর্ক করে দিয়েছে শাদাবকে।