Published : 06 Mar 2026, 11:40 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পর কয়েকদিন কেটে গেলেও, ওয়েস্ট ইন্ডিজ দল এখনও দেশে ফিরতে পারেনি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তারা আটকা পড়েছে ভারতে। এমন অবস্থায় মজা করে ফুটবলের মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর কাছে সাহায্য চাইলেন ক্যারিবিয়ান স্পিনার আকিল হোসেন।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ডব্লিউসিআই) বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছিল, ক্যারিবিয়ান স্কোয়াডের জন্য চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে, যেটায় ২৪ ঘন্টার মধ্যে দল ভারত ছাড়বে বলে তারা আশা করছে। তবে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ীরা যে শুক্রবারও ভারতে আটকে আছে, সেটি পরিষ্কার সামাজিক মাধ্যমে আকিলের পোস্টে।
একটি ইমোজি জুড়ে দিয়ে আকিল লিখেছেন, “এই মুহূর্তে আমার জন্য ক্রিস্তিয়ানোকে বিমান পাঠাতে এবং আমাকে উদ্ধার করতে আসতে বলাই ভালো হয়।”
রোনালদোর যে ব্যক্তিগত বিমান আছে, সেটা ক্রীড়ানুরাগী সবারই মোটামুটি জানা। আকিলের পোস্ট মজা করে হলেও, এই আকুতিই তুলছে তার মনের অবস্থা।
কলকাতায় গত রোববার সুপার এইটের ম্যাচে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় ভারতে আটকে পড়ে তারা।
দেশে ফেরার আকুতি জানিয়ে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে কয়েকটি পোস্ট করেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ও সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। এর কিছুক্ষণ পরই ক্যারিবিয়ান বোর্ড চার্টার ফ্লাইটের ব্যবস্থা করার কথা এক বিবৃতিতে জানায়।
ধারণা করা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন ক্রিকেটার এখন আর দেশে ফিরবেন না। আসন্ন আইপিএলের জন্য নিজ নিজ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে তারা ভারতে রয়ে যাবেন।