Published : 16 Feb 2026, 02:25 PM
মোটামুটি নিশ্চিতই ছিল, এবারের বিশ্বকাপের কোনো ম্যাচেই ৭০০ উইকেট পূর্ণ করবেন রাশিদ খান। তবে কাঙ্ক্ষিত সেই মাইলফলকে তিনি যেভাবে পৌঁছলেন, তা হয়তো ভাবতে পারেননি অনেকেই। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার তার বোলিংয়ে ‘হিট উইকেট’ হলেন কোনো ব্যাটসম্যান! ওভাবে আউট হয়ে সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মাদ আরফান জায়গা করে নিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ছোট্ট একটি তালিকায়, যেখানে আছেন বাংলাদেশের নাসুম আহমেদও।
দিল্লিতে সোমবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে রাশিদকে রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করে বসেন আরফান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ আসর মিলিয়ে ‘হিট উইকেট’ হওয়া মাত্র পঞ্চম ক্রিকেটার তিনি।
এই তালিকায় প্রথম নামটি কেনিয়ার। প্রথম বিশ্বকাপে নিউ জিল্যান্ডের মার্ক গিলেস্পির বলে ভারসাম্য হারিয়ে স্টাম্পে পা দিয়ে আঘাত করে আউট হন ডেভিড ওবুইয়া।
শুধু বিশ্বকাপে নয়, টি-টোয়েন্টি ক্রিকেটেই প্রথম এই ধরনের আউটের নজির সেটি।
২০০৭ সালের সেই আসরের পর বিশ্বকাপে আরেকটি ‘হিট উইকেট’ দেখতে অপেক্ষা করতে হয় ২০২১ আসর পর্যন্ত। এবার আবু ধাবিতে দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার আনরিখ নরকিয়ার বলে আউট হন বাংলাদেশের নাসুম। জায়গা বানিয়ে খেলতে গিয়ে ব্যাট দিয়ে স্টাম্পে মেরে বসেন তিনি।
২০২২ আসরে অ্যাডিলেইডে ইংল্যান্ডের ক্রিস জর্ডানের বলে দারুণ টাইমিং করেছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু এই প্রচেষ্টায় ক্রিজের গভীরে গিয়ে পা দিয়ে স্টাম্পে ছোবল দিয়ে বসেন ভারতীয় ব্যাটসম্যান।
এর পর এবারের আসরে ‘হিট উইকেট’ দেখা গেল দুটি এবং দুটিই প্রায় একইরকম। আরফানের মতোই রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন নামিবিয়ার জেন গ্রিন। বোলার ছিলেন ভারতের শিভাম দুবে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই আউট খুব বিরল কিছু নয়। এখনও পর্যন্ত ৪৮ জন এই আউটের শিকার হয়েছেন।
সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এই আউটের সংখ্যা মোট ১৮১টি।