Published : 21 Feb 2026, 03:18 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হতে চলেছে। ক্রিকেটের বিশ্বের মনোযোগের কেন্দ্রে এখন এই লড়াই। তবে ইংল্যান্ডের ক্রিকেটে আলোচনা চলছে আরেকটি প্রসঙ্গ নিয়েও। দা হাড্রেড টুর্নামেন্টে পাকিস্তানি ক্রিকেটারদের অলিখিত নিষেধাজ্ঞা নিয়ে চলছে চর্চা। তবে এমন কোনো নিষেধাজ্ঞা চান না হ্যারি ব্রুক। ইংল্যান্ডের অধিনায়কের মতে, পাকিস্তানিরা না থাকলে রঙ হারাবে টুর্নামেন্ট।
দা হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানায় বড় ধরনের পরিবর্তন আসার পর চারটি ফ্র্যাঞ্চাইজিতে এখন আছে ভারতীয় বিনিয়োগ। আইপিএল দলগুলির মালিকপক্ষের বিনিয়োগ আছে এমআই লন্ডন, ম্যানচেস্টার সুপার জায়ান্টস, সাউর্থান ব্রেভ ও সানরাইজার্স লিডস দলে। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই ফ্র্যাঞ্চাইজিগুলি নিলাম থেকে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে দলে নেবে না। অন্য দলগুলিতেও পাকিস্তানি ক্রিকেটারদের ক্ষেত্রে অলিখিত বিধি নিষেধ থাকবে এবং নেওয়া হতে পারে সীমিত আকারে।
রাজনৈতিক বৈরিতার পথ ধরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে বহু বছর ধরে। প্রথম আসরের পর থেকে আইপিএলে কখনও পাকিস্তানি ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়নি। দক্ষিণ আফ্রিকা এসএ টোয়েন্টিতেও ছয় দলের সবকটির মালিকানা ভারতীয়দের। সেখানেও পাকিস্তানি কোনো ক্রিকেটার নেওয়া হয় না।
আলোচিত সেই প্রসঙ্গে এবার মুখ খুলতে হলো ব্রুককে। যদিও বিশ্বকাপের সময় অন্য দিকে তাকাতে চান না তিনি। তবু এখানে নিজের মতামত জানিয়ে রাখলেন ইংল্যান্ডের সীমিত ওভারের দলের অধিনায়ক।
“আমাদের মূল মনোযোগ এখন টি-টোয়েন্ট বিশ্বকাপের সামনে পথচলা নিয়ে। এটি (হান্ড্রেড) আমাদের ব্যাপার নয়, সত্যি বলতে। তবে আমি যা বলতে পারি, পাকিস্তান অবশ্যই অনেক বছর ধরেই দারুণ একটি ক্রিকেট জাতি। ওদের ৫০-৬০ জন ক্রিকেটার মনে হয় আছে নিলামে। তাদের কয়েকজন এখানে (টুর্নামেন্টে) না দেখতে পেলে তা হবে হতাশার।”
“দারুণ সব ক্রিকেটার আছে সেখানে এবং অনেক দর্শকও মাঠে টেনে আনে তারা। পাকিস্তানের ক্রিকেটারদের কয়েকজন থাকলে এই টুর্নামেন্টের মান ও প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, না থাকলে তা হবে দুঃখজনক।”
পাকিস্তানের ৬৩ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন হান্ড্রেডের নিলামে। আগামী ১১ ও ১২ মার্চ হবে নিলাম।