১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্যান্টনারের ‘দর্শকদের চুপ করিয়ে দিতে চাওয়া’ মন্তব্যের জবাব দিলেন সুরিয়াকুমার

‘সবাই এখন একই কথা বলছে। নতুন কিছু তো নিয়ে এসো’, নিউ জিল্যান্ড অধিনায়কের মন্তব্যের জবাবে বললেন ভারত অধিনায়ক।

স্যান্টনারের ‘দর্শকদের চুপ করিয়ে দিতে চাওয়া’ মন্তব্যের জবাব দিলেন সুরিয়াকুমার
সংবাদ সম্মেলনে সুরিয়াকুমার ইয়াদাভ। ছবি: স্ক্রিনশট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2026, 09:52 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল সুরিয়াকুমার ইয়াদাভকে। শুরুর প্রশ্নটিই হলো মিচেল স্যান্টনারের একটি মন্তব্য নিয়ে। নিউ জিল্যান্ড অধিনায়ক বলে গেছেন, গ্যালারির লাখো ভারতীয় দর্শককে চুপ করিয়ে দিয়ে ট্রফি উঁচিয়ে ধরতে চান তারা। ভারত অধিনায়ক সুরিয়াকুমার বললেন, প্রতিপক্ষ দলগুলোর একইরকম কথা বলা এখন একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও নিউ জিল্যান্ড। এক লাখের বেশি দর্শক স্টেডিয়ামে উপস্থিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এই মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, ভারতীয় দর্শকদের চুপ করিয়ে দিতে চান তারা। শেষ পর্যন্ত ভারতের অপরাজিত যাত্রা থামিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন কামিন্সরা। 

এই বিশ্বকাপে ওয়াংখেড়েতে ভারতের বিপক্ষে সেমি-ফাইনালের আগে কামিন্সের মতো একইরকম কথা বলেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানও। রান জোয়ারের ওই ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত।

সুরিয়াকুমারের ঘন্টা খানেক আগে সংবাদ সম্মেলনে এসে স্যান্টনার বলেন, “এটাই লক্ষ্য, দর্শকদের চুপ করিয়ে দেওয়া।”

বিষয়টি মনে করিয়ে দেওয়া হলে সুরিয়াকুমার বলেন, এসব কথা এখন ক্লিশে হয়ে গেছে, এখন নতুন কিছু বলা উচিত।

“সবাই এখন একই কথা বলছে। নতুন কিছু তো নিয়ে এসো।”

ভারত অধিনায়ক বললেন, ড্রেসিং রুমে সবাই ফুরফুরে মেজাজে আছেন এবং সবাই ফাইনালের জন্য রোমাঞ্চিত।

“দেশের মাটিতে এত চমৎকার একটি দলের নেতৃত্ব দেওয়া, এটা স্পেশাল অনুভূতি। সবাই টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের জন্য রোমাঞ্চিত।”

ভারতের সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। তাদের ওপর অনেক চাপ থাকবে, মেনে নিচ্ছেন সুরিয়াকুমার। 

“একজন নেতা হিসেবে, চাপ থাকবে; আমি তা অস্বীকার করতে পারি না। অবশ্যই বাড়তি চাপ থাকবে, ভারতে বিশ্বকাপ ফাইনাল খেলার রোমাঞ্চ রয়েছে।”

এই নিয়ে টানা দ্বিতীয় বছর আইসিসি টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউ জিল্যান্ড। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কিউইদের হারিয়ে ভারত জিতেছিল শিরোপা। এই বিশ্বকাপের আগে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউ জিল্যান্ডকে তারা হারিয়েছিল ৪-১ ব্যবধানে।  

বিশ্বকাপে নিউ জিল্যান্ডের কোনো ম্যাচ টিভিতে দেখেননি সুরিয়াকুমার। ফাইনালে লড়াইটা জমজমাট হবে বলেই মনে করেন তিনি।

“টেলিভিশনে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দেখিনি আমি। সম্প্রতি তাদের বিপক্ষে খেলেছি; তাদের দলটি দ্বিপাক্ষিক সিরিজে খেলা দলের মতোই। তারা কিছু ভালো ক্রিকেট খেলছে। আমরাও ভালো ক্রিকেট খেলছি, দারুণ একটি ম্যাচ হবে।”