১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আভিশেকের শূন‍্যের হ্যাটট্রিক শাস্ত্রির কাছে ইতিবাচক

ভারতের সাবেক অলরাউন্ডার ও কোচের মনে হচ্ছে, নিজের সেরাটা গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য জমিয়ে রেখেছেন বাঁহাতি ওপেনার।

আভিশেকের শূন‍্যের হ্যাটট্রিক শাস্ত্রির কাছে ইতিবাচক
আভিশেক শার্মা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 03:25 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

টানা তিন ম্যাচে রানের খাতা খুলতে না পারা আভিশেক শার্মাকে নিয়ে বয়ে যাচ্ছে আলোচনার ঝড়। তার ব্যাটিংয়ের ধরন, শট নির্বাচনসহ নানা কিছু নিয়ে হচ্ছে কাটাছেঁড়া। বিভিন্ন পরামর্শ পাচ্ছেন তিনি সাবেক ক্রিকেটারদের কাছ থেকে। ব্যতিক্রম যেন রাভি শাস্ত্রি। বাঁহাতি ওপেনার হ্যাটট্রিক শূন্যকে ইতিবাচক হিসেবে দেখছেন ভারতের সাবেক অলরাউন্ডার ও সাবেক কোচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আভিশেক। বিশ্ব মঞ্চে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেবেন, একের পর ঝড়ো ইনিংস উপহার দেবেন, তাকে নিয়ে এমন প্রত্যাশা ছিল অনেকের। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের অভিষেক আসরে এখন পর্যন্ত কোনো রানই করতে পারেননি তিনি।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান আভিশেক। পেটের সংক্রমণে একাদশে ছিলেন না দলের পরের ম্যাচে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ফিরেও রানের খাতা খুলতে পারেননি। ভাগ্য বদলায়নি নেদারল্যান্ডসের সঙ্গেও।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যানের এমন হাল মানতে কষ্ট হচ্ছে অনেকের। তাই তাকে কোনোমতে একটি রান অন্তত করার পরামর্শও দিচ্ছেন কেউ কেউ। আইসিসি রিভিউয়ে আভিশেকের ব্যাটিং নিয়ে কিছুই বললেন না শাস্ত্রি।

তার মতে, গুরুত্বপূর্ণ সময়ের জন্য নিজের সেরাটা জমিয়ে রেখেছেন আভিশেক।

“আভিশেক শার্মার তিন শূন্যকে ইতিবাচক হিসেবেই দেখছি। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ের জন্য সেরাটা সে জমিয়ে রাখছে। সে রান করছে না, এই ভেবে অন্য দলগুলো তাকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকবে।”

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। ম্যাচটিতে রানের দেখা পান কিনা আভিশেক, সেটার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।