১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাবর, আফ্রিদি ও শাদাবকে অবসর নিতে বললেন ইউসুফ

তাদের জায়গায় পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে নতুনদের সুযোগ দিতে বললেন দেশটির সাবেক ব্যাটসম্যান।

বাবর, আফ্রিদি ও শাদাবকে অবসর নিতে বললেন ইউসুফ
বাঁ থেকে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান। ছবি: পাকিস্তান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 09:07 AM

Updated : 26 Aug 2026, 02:57 PM

বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারের পর টি-টোয়েন্টি থেকে অভিজ্ঞ তিন ক্রিকেটার বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খানকে অবসর নেওয়ার পরামর্শ দিলেন মোহাম্মাদ ইউসুফ। পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যানের মতে, তাদের জায়গায় নতুনদের সুযোগ দেওয়া উচিত।

কলম্বোয় রোববার চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৬১ রানের বড় ব্যবধানে হারে পাকিস্তান। ১৭৬ রানের লক্ষ্য তাড়ায় ১১৪ রানে গুটিয়ে যায় সালমান আলি আগার দল।

দলের জন্য যেমন, তেমনি বাবর, আফ্রিদি ও শাদাবের জন্যও ম্যাচটি ছিল ভুলে যাওয়ার মতো।

বাঁহাতি পেসার আফ্রিদি দুই ওভারে দেন ৩১ রান, উইকেট পান একটি, সেটিও ইনিংসের শেষ বলে।

এক ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব। পরে ব্যাট হাতে তিনি করেন ১৫ বলে ১৪ রান।

তারকা ব্যাটসম্যান বাবর চার নম্বরে নেমে সাত বলে করেন পাঁচ রান। বাঁহাতি স্পিনার আকসার প্যাটেলকে স্লগ খেলার চেষ্টায় বোল্ড হন তিনি।

এই সংস্করণে বাবরের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা চলছে অনেক আগে থেকে। মাঝে দল থেকে বাদও পড়েন ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক।

পাকিস্তানের হয়ে ওয়ানডেতে প্রায় ১০ হাজার ও টেস্টে সাড়ে সাত হাজার রান করা ইউসুফ সামাজিক মাধ্যম এক্স-এ ওই তিন জনকে অবসরের পরামর্শ দেন।

“শাহিন, বাবর ও শাদাবের সময় শেষ, পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে প্রয়োজন নতুন পারফরমারদের, দুর্বল দলের বিপক্ষে অর্থহীন জয় নয়।”