১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘কোনো বইয়ে লেখা নেই যে ম্যাচ শেষে হাত মেলাতে হবে’

ভারতের সাবেক স্পিনার হারভাজান সিংয়ের মতে, ম্যাচের আগে-পরে করমর্দন বা আলিঙ্গন করা নির্ভর করে খেলোয়াড়দের ইচ্ছের ওপর।

‘কোনো বইয়ে লেখা নেই যে ম্যাচ শেষে হাত মেলাতে হবে’
প্রতিক্রিয়া প্রকাশে কখনোই পিছপা হন না হারভাজান সিং। ছবি: হারভাজানের ফেইসবুক পাতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 03:23 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

ম্যাচের ফল কিংবা পারফরম্যান্স নিয়ে যত আলোচনা, ততটাই কৌতূহল যেন ম্যাচের আগে ও পরে হাত মেলানোর ব্যাপারটি নিয়ে। ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে বাড়তি আগ্রহের খোরাক জোগাচ্ছে এটি। তবে এই ব্যাপারটিকে এত গুরুত্ব দিতে নারাজ হারভাজান সিং। ভারতের স্পিন গ্রেটের মতে, করমর্দন করা তো কোনো নিয়ম নয়।

টসের সময় হাত মেলাচ্ছেন দুই অধিনায়ক, ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা, নিয়মিত দৃশ্য এটা। তবে ভারত-পাকিস্তান লড়াইয়ে এখন সেই দৃশ্যায়ন অনুপস্থিত। গত এশিয়া কাপে পাকিস্তানিদের সঙ্গে ভারতীয় দলের করমর্দন না করা নিয়ে তোলপাড় চলেছে অনেক দিন। 

সেই একই ঢেউ আছড়ে পড়েছে এবারও। এমনিতেই ভারত-পাকিস্তান ম্যাচ মানে বাড়তি উন্মাদনা-উত্তেজনা। আলোচনা-সমালোচনার অনেক রসদ থাকে এই লড়াইকে ঘিরে সবসময়ই। এবারও ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জনের ঘোষণা দিয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল পাকিস্তান। অনেক টানাপোড়েনের পরে নিজেদের সিদ্ধান্ত থেকে সরেও আসে তারা।

ম্যাচটি নিয়ে যখন কেটে গেছে অনিশ্চয়তা, এখন শুরু হয়েছে করমর্দন নিয়ে চর্চা। গত সেপ্টেম্বরে এশিয়া কাপে তিনবারের দেখায় একবারও পাকিস্তানের অধিনায়ক ও খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি ভারতের কেউ। যা নিয়ে জল গড়িয়েছিল অনেক দূর। পাকিস্তানকে ফাইনালে হারালেও ট্রফি নিয়ে ফিরতে পারেনি ভারত।

পরে উইমেন’স বিশ্বকাপে ও যুব বিশ্বকাপেও হাত মেলায়নি ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। সাবেকদের টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করে ভারত।

এশিয়া কাপের ওই ফাইনালের পর আবার মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ক্রিকেটাররা এবার হাত মেলাবেন কি না, সেটি নিয়ে চলছে নানা চর্চা। হারভাজান এখানেই এত মাতামাতির কিছু দেখছেন না। 

“এটা পুরোপুরি খেলোয়াড়দের ইচ্ছার ওপর নির্ভর করে। এটা কোনো বইয়ে লেখা নেই যে ম্যাচ শেষে হাত মেলাতে হবে বা আলিঙ্গন করতে হবে। তাই স্রেফ ম্যাচটি খেলো, নিজেদের সবটুকু সামর্থ্য দিয়ে খেলো।”

“যদি মনে হয় যে, ম্যাচের পর হাত মেলানো দরকার বা আলিঙ্গন করা উচিত…সেটা ঠিক আছে। যদি আমরা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের খেলোয়াড়দের কথা বলি, তারা ম্যাচের পর একসঙ্গে বসে। ক্রিকেটকে ক্রিকেট হিসেবেই দেখা উচিত।”

ক্রিকেট ম্যাচে হাত মেলাতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা আসলে নেই। তবে খেলাটির চেতনা, ঐতিহ্য ও ধারার অংশ এটি। এর মাধ্যমে পারস্পরিক সম্মান প্রদর্শন করা হয়।

কলম্বোয় রোববার সন্ধ্যায় শুরু ভারত-পাকিস্তান লড়াই।