Published : 03 Mar 2026, 08:12 AM
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় সালমান আলি আগা অধিনায়কত্ব হারাতে পারেন বলে গুঞ্জন চলছে কয়েক দিন ধরেই। সম্ভাব্য নতুন অধিনায়ক হিসেবে এগিয়ে রাখা হচ্ছে এক সময়ের সহ-অধিনায়ক শাদাব খানকে। তবে এই অলরাউন্ডারকে অধিনায়ক করার পক্ষে নন শাহিদ আফ্রিদি। দেশটির সাবেক অধিনায়ক বলছেন, বিশ্বকাপে শাদাবের পারফরম্যান্স দেখে তাকে দলেই দেখতে চান না তিনি।
সালমানের নেতৃত্বে চলমান বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে খবর এসেছে পাকিস্তানের সংবাদমাধ্যমে।
কদিন আগে আফ্রিদি বলেছিলেন, মাইক হেসন পাকিস্তানের কোচ হিসেবে থাকলে শাদাবকে অধিনায়কত্ব দেওয়া হবে বলে ধারণা করছেন তিনি। সামা টিভিতে সেই প্রসঙ্গ তুলে ধরেই সাবেক এই অলরাউন্ডার বললেন, সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় শাদাবকে দলে রাখাই উচিত নয়।
“তার পারফরম্যান্স বিবেচনায়, তাকে দলেই রাখতাম না আমি, অধিনায়কত্ব তো দূরের কথা।”
“যদি মাইক হেসন কোচ হিসেবে থাকেন, তিনি পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডেও ছিলেন। পিএসএলের পর মাইক হেসন পাকিস্তানের কোচ হন। সেখান থেকে শাদাবের সঙ্গে তার সম্পর্ক শুরু হয়। প্রধান কোচ শাদাবকে একের পর এক সুযোগ দিচ্ছেন। সেই কারণেই আমি বলেছি, শাদাব পাকিস্তানের পরবর্তী অধিনায়ক হতে পারে। কিন্তু তার সাম্প্রতিক পারফরম্যান্স দেখলে, সে একাদশে জায়গা পাওয়ারও যোগ্য নয়।”
পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের অধিনায়ক শাদাব। ফ্র্যাঞ্চাইটির প্রধান কোচ হিসেবে দুই বছর কাজ করেছেন হেসন। এই দুজনের যুগলবন্দিতে ২০২৪ সালে পিএসএলের শিরোপা জিতেছে ইসলামাবাদ।
বিশ্বকাপে লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাবের পারফরম্যান্স মোটেও ভালো ছিল না। ছয় ইনিংসে ওভারপ্রতি ৮.৪৪ করে রান দিয়ে তিনি উইকেট নিতে পারেন কেবল পাঁচটি। ব্যাটে হাতে ছয় ইনিংসে সর্বোচ্চ ৩৬ রান করতে পারেন তিনি নামিবিয়ার বিপক্ষে।
ওই ম্যাচের পর সাবেক ক্রিকেটারদের সমালোচনার কড়া জবাব দিয়ে যখন তোপের মুখে ছিলেন শাদাব, তখন আফ্রিদি তাকে পাল্টা তির ছুড়ে বলেছিলেন, “আগে বড় ম্যাচে পারফর্ম করে দেখাও বেটা…।”
পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলে সদস্য আফ্রিদি একজন আগ্রাসী অধিনায়ক দেখতে চান দলে। এজন্য অধিনায়ক হিসেবে তার পছন্দ ৩৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান ফাখার জামান।
“বর্তমান পরিস্থিতি দেখে আমি ফাখার জামানের কথা বলব। একজন আগ্রাসী অধিনায়ক চাই আমি। এই মুহূর্তে একজন খেলোয়াড়ই কেবল এক্ষেত্রে সবচেয়ে মানানসই, আর সে হলো ফাখার।”
পাকিস্তানের ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে ফাইনালের নায়ক ছিলেন ফাখার। শিরোপা লড়াইয়ে তিনি ম্যাচ জয়ী সেঞ্চুরি করেছিলেন চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। এবারের বিশ্বকাপে সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।