Published : 25 Feb 2026, 10:39 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে নিয়মিতই টিভি অনুষ্ঠানে কাটাছেঁড়া কিংবা বিশ্লেষণ করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। তেমনই এক অনুষ্ঠানে এবার দলে মোহাম্মাদ নাওয়াজের ভূমিকা নিয়ে প্রশ্নে তর্কে জড়িয়ে পড়লেন মোহাম্মাদ হাফিজ ও সাকলাইন মুশতাক।
সুপার এইটে মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে হেরে পাকিস্তানের সেমি-ফাইনালে যাওয়ার সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে গেছে। এই ম্যাচের পর ‘গেম অন হ্যায়’ শোতে কথা বলছিলেন হাফিজ, সাকলাইন, শোয়েব আখতার, উমর গুলের মতো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।
সাবেক অফ স্পিনার সাকলাইন একসময় পাকিস্তান দলের কোচ ও মেন্টর হিসেবেও কাজ করেছেন। সেই প্রসঙ্গ টেনে নাওয়াজের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সাকলাইনের কাছে জানতে চান সাবেক অলরাউন্ডার হাফিজ।
দুজনের কথোপকথন তুলে ধরা হলো এখানে।
হাফিজ: “সে বোলিং অলরাউন্ডার নাকি ব্যাটিং অলরাউন্ডার?”
সাকলাইন: “সে দুটোই। তাকে নিয়ে তুমি এভাবে কথা বলতে পারো না।”
হাফিজ: “তার প্রথম অগ্রাধিকার কী- সে ব্যাটসম্যান নাকি বোলার?”
সাকলাইন: “আমি মনে করি, সে ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রে সমানভাবে ভালো।”
হাফিজ: “তাহলে কেন তাকে পাঁচ নম্বরে খেলানো হচ্ছে না?”
সাকলাইন: “সে (পাঁচে ব্যাটিং) করেছে। এমনকি যখন আমি পাকিস্তান দলের সঙ্গে ছিলাম, তখন তাকে পাঁচ নম্বরে ব্যাট করিয়েছি। তার সেই সামর্থ্য আছে। যদি সে ব্যাট ও বল উভয় দিয়েই ম্যাচ জিতিয়ে দিতে পারে, তার মানে সে উভয় ক্ষেত্রেই সমানভাবে ভালো।”
হাফিজ: “আমি অলরাউন্ডার হিসেবে পাকিস্তানের হয়ে খেলেছি। আমার প্রধান কাজ ছিল ব্যাটিং। যদি আমি রান না করি, তাহলে আমার ৮, ৬, অথবা ৪ ওভার বোলিংয়ের প্রয়োজন নেই। আমার অধিনায়ক আমাকে বলতেন, যদি তুমি ব্যাট হাতে ভালো করতে না পারো, তাহলে তোমার বোলিংয়ের প্রয়োজন নেই আমাদের। নাওয়াজের প্রধান কাজ হলো বোলিং, যদি সে তা না করতে পারে, তাহলে তাকে দলে চাই না আমরা।”
পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে ৬৮ ইনিংসে এখন পর্যন্ত মোট আটবার পাঁচ নম্বরে ব্যাটিং করেছেন নাওয়াজ। সবচেয়ে বেশি সাত নম্বরে ব্যাটিং করেছেন তিনি, ৩০ বার।
বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার এবারের বিশ্বকাপে বল হাতে এখন পর্যন্ত পাঁচ ইনিংসে উইকেট নিয়েছেন ৬টি।
দলের ছয় ম্যাচের চারটিতে ব্যাটিং পেয়ে একবারও তিনি দুই অঙ্কে যেতে পারেননি। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও ভারতের বিপক্ষে সাত নম্বরে নেমে করেন ৬ ও ৪ রান, যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাঁচ নম্বরে নেমে ৫ রান। সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে আট নম্বরে নেমে প্রথম বলে শূন্য রানে আউট হন তিনি।