সবাইকে ছাড়িয়ে শূন্যের রাজা শানাকা
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে ১৬ বার শূন্য রানে আউট হলেন দাসুন শানাকা।
পেসার ব্যারি ম্যাককার্থির উঁচু ফুল টস ডেলিভারিতে ঠিকমতো টাইমিং করতে পারলেন না দাসুন শানাকা। ধরা পড়লেন শর্ট থার্ডম্যানে। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত একটি রেকর্ডের চূড়ায় উঠে গেলেন তিনি এককভাবে।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলে শূন্য রানে আউট হন শ্রীলঙ্কার অধিনায়ক।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৫ ম্যাচে এই নিয়ে ১৬ বার শূন্য রানে আউট হলেন শানাকা। সবচেয়ে বেশি শূন্যের রেকর্ডটি এতদিন রুয়ান্ডার জাপি বিমেনইয়ামানার সঙ্গে ভাগাভাগি করছিলেন তিনি। এবার সেটি হয়ে গেল তার একার। বিমেনইয়ামানা ১৫ বার শূন্য রানে আউট হন ১০০ ম্যাচে।
১৬২ ম্যাচে ১৪ বার এই তেতো স্বাদ পেয়ে তালিকার তিন নম্বরে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন চার জন, তাদের একজন বাংলাদেশের সৌম্য সরকার।
শানাকার ব্যর্থতার দিনে কলম্বোয় ২০ ওভারে ১৬৩ রানের পুঁজি গড়ে শ্রীলঙ্কা।
