নিজের রেকর্ড ভেঙে শানাকার ১৯ বলের ফিফটি
বিশ্বকাপে ঝড়ো ইনিংস খেলে নিজেকেই ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন শ্রীলঙ্কান অধিনায়ক।
ক্রিজে গিয়ে শুরুতে একটু সময় নিলেন দাসুন শানাকা। প্রথম ৭ বলে তার রান ৬। এরপর তার ব্যাট হয়ে উঠল উত্তাল। এমন ঝড় তুললেন শ্রীলঙ্কান অধিনায়ক, দ্রুতই পৌঁছে গেলেন রেকর্ডের ঠিকানায়। নিজেকেই ছাড়িয়ে গড়লেন নতুন কীর্তি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার ওমানের বিপক্ষে ১৯ বলে ফিফটি করেন শানাকা। টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রীলঙ্কার দ্রুততম ফিফটির রেকর্ড এটি।
আগের রেকর্ড ছিল তারই। ২০২০ সালে পুনেতে ভারতের বিপক্ষে পঞ্চাশে পা রেখেছিলেন তিনি ২০ বলে।
তার আগে রেকর্ডটি যৌথভাবে ছিল কুমার সাঙ্গাকারা ও মাহেলা জায়াওয়ার্দেনের। দুই কিংবদন্তির ফিফটি ছিল ২১ বলে।
পাল্লেকেলেতে ওমানের বিপক্ষে এই ম্যাচে চতুদর্শ ওভারে ক্রিজে যান শানাকা। সাম্প্রতিক সময়ে রান না পাওয়ায় একটু চাপে ছিলেন তিনি। সবশেষ তিন ইনিংসে তার রান ছিল মোট ছয়। সবশেষ ১২ ইনিংসে ছিল না ফিফটি। এই ম্যাচে ক্রিজে গিয়ে একটু দেখেশুনে খেলেন দু্ই ওভার।
পরে একটি ফুল টস পেয়ে কাজে লাগান বাউন্ডারি মেরে। তাতেই যেন ছন্দ পেয়ে যান। পরেরটি আবার ফুল টস পেয়ে মেরে দেন ছক্কা। এরপর বাঁহাতি স্পিনার নাদিম খানকে মারেন টানা দুটি ছক্কা। পরের ওভারে সুফিয়ান মেহমুদকে ছক্কায় উড়িয়ে দেন টানা দুই বলে। পরে সিঙ্গল নিয়ে পূর্ণ করেন রেকর্ড।
আউট হয়ে যান অবশ্য পরের বলেই।
শানাকার সঙ্গে কুসাল মেন্ডিসের ৪৫ বলে ৬১ ও পাভান রাত্নায়েকের ২৮ বলে ৬০ রানের ইনিংসে শ্রীলঙ্কা ২০ ওভারে তোলে ২২৫ রান। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বোচ্চ এটি।
