১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফাখার ও সাহিবজাদার বিস্ফোরক জুটিতে রেকর্ড

পেছনে পড়ে গেল টিম সাইফার্ট ও ফিন অ্যালেনের জুটির রেকর্ড।

ফাখার ও সাহিবজাদার বিস্ফোরক জুটিতে রেকর্ড
ছবি: পাকিস্তান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 12:20 AM

Updated : 26 Aug 2026, 03:03 PM

ম্যাচের প্রথম দুই ওভারে বাউন্ডারি কেবল দুটি। এরপর রীতিমতো তাণ্ডব চালালেন ফাখার জামান ও সাহিবজাদা ফারহান। তাদের বিধ্বংসী জুটি জায়গা করে নিল রেকর্ড বইয়ে।

বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৫ বলে ১৭৬ রানের উদ্বোধনী জুটি গড়েন পাকিস্তানের দুই ওপেনার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি এটিই। পেছনে পড়ে গেল টিম সাইফার্ট ও ফিন অ্যালেনের জুটি। চলতি আসরেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অবিচ্ছিন্ন ১৭৫ রানের উদ্বোধনী জুটিতে নিউ জিল্যান্ডকে ১০ উইকেটের জয় এনে দেন তারা। 

এই সংস্করণে যেকোনো উইকেটে ফাখার-সাহিবজাদার চেয়ে বড় জুটি পাকিস্তানের আছে আর দুটি। সেই দুটিও উদ্বোধনী জুটি এবং দুটিই মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯৭ ও ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে অবিচ্ছিন্ন ২০৩ রানের জুটি গড়েছিলেন তারা।   

পাল্লেকেলেতে শনিবার ফাখার ও সাহিবজাদার দারুণ ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৬৪ রান করে পাকিস্তান। দশম ওভারে পূর্ণ হয় শতরান।

ষোড়শ ওভারে ফাখারের বিদায়ে থামে রেকর্ড জুটি। ৯ চার ও চার ছক্কায় ৪২ বলে ৮৪ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। 

সেঞ্চুরি করে শেষ ওভারে থামেন সাহিবজাদা। ৯ চার ও পাঁচ ছক্কায় ৬০ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি। 

তাদের জুটি ভাঙার পর একের পর এক উইকেট হারিয়ে, ২০ ওভারে ৮ উইকেটে ২১২ রানের সংগ্রহ পায় পাকিস্তান।     

পাকিস্তানের সেমি-ফাইনালে খেলতে হলে এই ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের নিচে থামাতে হবে।