Published : 27 Feb 2026, 06:17 PM
ব্যাটিং লাইন-আপ ভারতের দুর্দান্ত, বোলিংয়েও আছে জাসপ্রতি বুমরাহ, ভারুন চক্রবর্তীর মতো অস্ত্র। তবুও বোলিংয়েই একটি জায়গায় তাদের ঘাটতি দেখছেন আনিল কুম্বলে ও ফাফ দু প্লেসি। কার্যকর কোনো ষষ্ঠ বোলার দলটিতে দেখেন না ভারত ও দক্ষিণ আফ্রিকার সাবেক দুই অধিনায়ক।
এবারের বিশ্বকাপে ভারতের বোলিং আহামরি ভালো করছে না। সবশেষ তিন ম্যাচেই যেমন তাদের বিপক্ষে ১৭০এর বেশি রান করেছে প্রতিপক্ষরা। যেখানে আছে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের মতো দলও।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৯৩ রান তাড়ায় ভারতের বিপক্ষে ১৭৬ রান করে ডাচরা। আর দক্ষিণ আফ্রিকা তো ২০ রানে ৩ উইকেট হারানোর পরও ১৮৭ রান করেছে। আর বৃহস্পতিবার জিম্বাবুয়ে ম্যাচ হারলেও ১৮৪ রান করতে পেরেছে।
ভারতের পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই ম্যাচটি দুই দলের জন্য কার্যত কোয়ার্টার-ফাইনাল। জয়ী দল পাবে সেমি-ফাইনালের টিকেট।
ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন আপও অনেক শক্তিশালী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৭ রানে ৭ উইকেট হারানোর পরও ১৭৬ রান করেছিল তারা। তাই ম্যাচটিতে দুই দলের বোলিং গড়ে দিতে পারে বড় পার্থক্য।
ভারতের প্রথম পছন্দের পাঁচ বোলার বুমরাহ, ভারুন, আর্শদিপ সিং, হার্দিক পান্ডিয়া ও আকসার প্যাটেল। তাদের ষষ্ঠ বোলারদের দায়িত্বটা পালন করেন শিভাম দুবে। আভিশেক শার্মা, তিলাক ভার্মা, রিঙ্কু সিং, এমনকি সুরিয়াকুমার ইয়াদাভকেও মাঝেমধ্যে বোলিং করতে দেখা গেছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তো আর অনিয়মিত বোলারদের হাতে বল তুলে দিয়ে ঝুঁকি নেওয়া যাবে না।
মূল বোলারদের কারো বাজে দিনে যাকে বিকল্প হিসেবে ব্যবহার করে ভারত, সেই দুবে খুব একটা ভালো করতে পারছেন না। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ উইকেট নিতে পেরেছেন বটে, তবে এই মিডিয়াম পেসার রান দিয়েছেন অকাতরে।
এবারের বিশ্বকাপে ৯.২ ওভার বোলিং করে ১২৪ রান দিয়েছেন দুবে। ওভারপ্রতি রান খরচ করেছেন ১৩.২৮ করে। জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের ম্যাচে দুই ওভারে ৪৬ রান দিয়েছেন তিনি!
ইএসপিএনক্রিকইনফো টাইমআউটে কুম্বলে তুলে ধরেন ভারতের ষষ্ঠ বোলার নিয়ে দুর্ভাবনার জায়গা। কিংবদন্তি স্পিনার ও ভারতের সাবেক কোচের মতে, ব্যাটিং সহায়ক উইকেটে চ্যালেঞ্জের মুখে পড়বে শিরোপাধারীরা।
“গত বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ব্যাটসম্যানদের দিয়ে কিছুটা বোলিং করানোর কাজটা ঠিকঠাকই করেছে ভারত। সবশেষ ১৮ মাসের দিকে খেয়াল করলে দেখা যায়, ভারত যে টি-টোয়েন্টি ম্যাচগুলো খেলেছে এবং তাদের জেতা প্রতিটি ম্যাচে তিলাক ভার্মা, আভিশেক শার্মা কিংবা দুবে বোলিং করেছে। এমনকি রিঙ্কু সিং ও সুরিয়াকুমার ইয়াদাভকেও বোলিং করতে দেখা গেছে।”
“তাই ওই দিক থেকে, তাদের অনেক বিকল্প আছে, যেটা দারুণ। কিন্তু ব্যাটিং সহায়ক উইকেটে চ্যালেঞ্জের মুখে পড়বে তারা। ভারত চাইবে সাত ব্যাটার ও পাঁচ বিশেষজ্ঞ বোলারের বদলে আট ব্যাটার নিয়ে খেলতে।”
কুম্বলের সঙ্গে একমত দু প্লেসিও। সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান বললেন, মূল বোলারদের একজনের বাজে দিনে ষষ্ঠ বোলারকে নিশানা বানাতে পারে প্রতিপক্ষরা।
“অবশ্যই। প্রতিপক্ষ খুঁজবে ভারতের বিপজ্জনক বোলার কে? বেশিরভাগ সময়ই এটা হবে বুমরাহ। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে যে, ভালো বোলারদের কারো ওপর যদি শুরুতে চড়াও হওয়া যায়, তখন ষষ্ঠ বোলারকে আনা হবে।”
“আর সেটা যদি হয়, আর দুবে যদি ওয়াইড ইয়র্কার কিংবা রক্ষণাত্মক লাইনে বোলিং করে, তাহলে প্রতিপক্ষ তাকে সহজেই নিশানা বানাতে পারবে।”
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে রোববার কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত।