Published : 15 Feb 2026, 03:07 PM
‘স্রেফ একজন স্লগার, প্রপার ব্যাটসম্যান নয়’, টিভি অনুষ্ঠানে আভিশেক শার্মাকে নিয়ে যখন মন্তব্যটি করেছিলেন মোহাম্মাদ আমির, তখনই সঞ্চালক বলেছিলেন, ভারতে আগুন লাগিয়ে দেবে এটি। সেই বারুদের ছোঁয়ায় সত্যিই জ্বলে উঠেছেন হারভাজান সিং। পাকিস্তানের পেসারের মন্তব্যের কড়া জবাব দিলেন ভারতের স্পিন গ্রেট।
টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক দিন ধরেই দাপট দেখাচ্ছেন আভিশেক। এই সংস্করণের ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে তিনি বহুদিন। রেটিং পয়েন্টেও তার ধারেকাছে নেই কেউ। সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ডটিও বাঁহাতি এই ব্যাটসম্যানের।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যাটিং লাইন-আপের বড় অস্ত্র মনে করা হচ্ছে আভিশেককে। চোখের পলকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য অনেকবারই দেখিয়েছেন তিনি। তবে বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি তার। অভিষেক ম্যাচে প্রথম বলে ছক্কার চেষ্টায় হয়ে যান আউট।
পেটের সংক্রমণের কারণে ভারতের পরের ম্যাচে খেলতে পারেননি আভিশেক। পাকিস্তানের বিপক্ষে তার খেলা নিশ্চিত করেছেন ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ।
ম্যাচটিকে ঘিরে একটি অনুষ্ঠানে আভিশেক নিয়ে ওই মন্তব্য করেছিলেন পাকিস্তানের সাবেক পেসার আমির। যাতে কিছুটা বিরক্তই হয়েছেন হারভাজান। তার মতে, এভাবে কাউকে ‘স্লগার’ তকমা দেওয়া ঠিক নয়।
“মানে, এ নিয়ে আমার কি বলা উচিত? সে হুট করে যা খুশি বলে দেয়। আপনি যদি আভিশেককে ‘স্লগার’ বলেন, ঠিক আছে, তাকে ছক্কা মারতে দিন। কিন্তু সে একজন ‘প্রপার’ ব্যাটসম্যান, যার হাতে ক্রিকেটের সব ধরণের শটই আছে। সে পরিপূর্ণ ব্যাটসম্যান, যে জানে বল ঠিক কোথায় আসছে এবং সেই অনুযায়ী খেলে। সে কাভারের ওপর দিয়ে শট খেলে, পয়েন্ট দিয়ে বল পাঠায়। লং-অন, লং-অফ, মিডউইকেট; সবদিকেই শট খেলতে পারে। এরপর তাকে স্রেফ একজন ‘স্লগার’ তকমা দেওয়া যায় না।”
“আমি যদি আসল ‘স্লগারদের’ নাম বলতে শুরু করি, তবে অনেকে ক্ষুব্ধ হতে পারেন। আমি নতুন করে কোনো নাটক তৈরি করতে চাই না। কাউকে এভাবে শুধু ‘স্লগার’ বলা— আমার মনে হয় না ঠিক। আভিশেক শীর্ষমানের ব্যাটসম্যান, যে বিশ্ব ক্রিকেটে নিজের সামর্থ্য প্রমাণ করেছে।”
টি-টোয়েন্টি ক্রিকেটে গত দেড় বছরে ব্যাটিংকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন আভিশেক। ভারতের হয়ে এই সংস্করণে ৩৯ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৮ ফিফটিতে ১ হাজার ২৯৭ রান করেছেন তিনি ১৯৪.৪৫ স্ট্রাইক রেটে। পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টি খেলে ১৮৯.৬৫ স্ট্রাইক রেটে করেছেন ১১০ রান।
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষেও নিজেকে মেলে ধরবেন আভিশেক, আশা করছেন হারভাজান। তার মতে, এমনিতেই সবার জন্য আতঙ্ক ভারতীয় ওপেনার। এবার পাকিস্তানের সঙ্গে জ্বলে উঠতে পারলে সবার দুঃস্বপ্নে হানা দিয়ে বেড়াবেন আভিশেক।
“কালকের ম্যাচটার জন্য অপেক্ষা করুন। আভিশেক যদি ক্রিজে টিকে যায়, তবে সবাইকে মনে করিয়ে দেবে সে কে। গত ৪-৫ মাস ধরে সে এমনিতেই আপনাদের দুঃস্বপ্নে হানা দিচ্ছে। কাল (রোববার) যদি বড় ইনিংস খেলে, তবে আগামী ছয় মাস আবারও দুঃস্বপ্নে আসবে। ব্যস, এটুকুই।”