১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভারতের ভয়ের কারণ হতে পারে ‘এনগিডির স্লোয়ার’

সুপার এইটের লড়াইয়ে ভারতীয় ব্যাটসম্যানদের জন্য হুমকি হতে পারেন লুঙ্গি এনগিডি, বললেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান আকাশ চোপড়া।

ভারতের ভয়ের কারণ হতে পারে ‘এনগিডির স্লোয়ার’
এনগিডির স্লোয়ার ডেলিভারি দারুণ কার্যকর। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 03:28 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

গতি আর বাউন্স তো আছেই। সঙ্গে যোগ হয়েছে বুদ্ধিদীপ্ত সব স্লোয়ার ডেলিভারি। সব মিলিয়ে লুঙ্গি এনগিডি হয়ে উঠেছেন মোক্ষম এক অস্ত্র, যা তছনছ করে নিতে পারে প্রতিপক্ষের ব্যাটিং। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের জন্যও দক্ষিণ আফ্রিকান এই পেসারকে বড় হুমকি মনে করছেন সাবেক ব্যাটসম্যান আকাশ চোপড়া। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। আহমেদাবাদে সন্ধ্যায় শুরু হবে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্টের মাঠের লড়াই।

২০২৪ আসরে প্রোটিয়াদের হারিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ট্রফি ঘরে তুলেছিল ভারত। ব্রিজটাউনের ওই ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৭ রানে জিতেছিল রোহিত শার্মার দল।

এবার সুপার এইটে দেখা হচ্ছে দুই দলের। ম্যাচের আগে দুই দলের শক্তি-সামর্থ্য, দুর্বলতা নিয়ে হচ্ছে কাটাছেঁড়া। ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও নিজের ইউটিউব চ্যানেলে দক্ষিণ আফ্রিকার বোলিং নিয়ে বিশ্লেষণ করেছেন।

“লুঙ্গি এনগিডিকে নিয়ে সতর্ক থাকতে হবে। সে খুবই ভয়ঙ্কর বোলার, কারণ খুব ভালো স্লোয়ার অফ-কাটার করতে পারে। লাসিথ মালিঙ্গা, জাসপ্রিত বুমরাহ, ডোয়াইন ব্রাভোর এরকম ডেলিভারি ছিল। তার স্লোয়ার ডেলিভারিটি একটু ‘ডিপ’ করে (বল হুট করে নেমে যাওয়া) এবং ব্যাটসম্যান থেকে একটু দূরে থাকে। সে কিছুটা ওপেন অ্যাকশনে বোলিং করে, কিন্তু বল বাইরে বের করে নেয়। সে উইকেটশিকারি বোলার।”

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার এনগিডি। তিন ম্যাচ খেলে নিয়েছেন আট উইকেট। আসরের উইকেটশিকারিদের তালিকায় আছেন যৌথভাবে তৃতীয় স্থানে।

দক্ষিণ আফ্রিকার বোলারদের ধরন তুলে ধরার পাশাপাশি টানা তিন ম্যাচে রান করতে না পারা আভিশেক শার্মাকে একটি পরামর্শও দিয়েছেন আকাশ চোপড়া।

“মার্কো ইয়ানসেন শরীর তাক করে বোলিং করার চেষ্টা করবে। বাউন্সার কাজে লাগানোর চেষ্টা করবে কিছুটা। কাগিসো রাবাদার ওভারগুলো এখন আগেই শেষ করে ফেলছে তারা। আফগানিস্তানের বিপক্ষে যা হয়েছে, এরপর তাকে শেষের জন্য ধরে রাখছে না তারা। হয়তো মার্করামকে নতুন বলে আক্রমণে আনতে পারে। সে যদি বল করে, আভিশেককে বলব, সিঙ্গল নিয়ে অন্য প্রান্তে চলে যাও।”