Published : 14 Feb 2026, 03:02 PM
শক্তি-সামর্থ্য ও মাঠের পারফরম্যান্সে দুই দলের মধ্যে তফাৎ এখন বিশাল। এবারও পাকিস্তানের বিপক্ষে ভারতের না জেতার কোনো কারণ দেখেন না হারভাজান সিং। তবে এই লড়াইয়ের আগে চিরপ্রতিদ্বন্দ্বী দলটির একজনকে নিয়ে উত্তরসূরিদের সাবধান থাকতে বললেন ভারতের সাবেক স্পিনার।
সেই একজনকে নিয়ে তুমুল আলোচনা চলছে কয়েক দিন ধরেই। অফ স্পিনার উসমান তারিক, যিনি খবরের শিরোনামে আছেন অপ্রথাগত বোলিং অ্যাকশনের কারণে। বল করার সময় একটু থেমে ডেলিভারি করেন তিনি, যা বিভ্রান্তিতে ফেলে ব্যাটসম্যানদের।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তারিককে মনে করা হচ্ছে পাকিস্তানের ‘ট্রাম্প কার্ড।’ ভারতের জন্যও তাকে হুমকি মনে করছেন হারভাজান। ৭০৭ আন্তর্জাতিক উইকেট নেওয়া বোলার ও প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী স্পিনার বললেন, তারিককে খেলতে একটু সজাগ থাকতে হবে ভারতীয় ব্যাটসম্যানদের।
“ভারতই ম্যাচটি জিতবে। পাকিস্তানের একজন স্পিনার আছে (উসমান তারিক), সে ভালো স্পিনার, আমাদের তাকে সতর্কভাবে খেলতে হবে। ভারতীয় দল সক্ষম, খুবই ভালো একটি দল তারা। আশা করি, তারা সবসময় যেভাবে খেলে সেভাবেই খেলবে, কোনো চাপ ছাড়া খেলবে এবং বিজয়ের পতাকা ওড়াবে।”
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে একটি ম্যাচেই তারিককে খেলায় পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দলের ৩২ রানের জয়ে ৩ উইকেট নিয়ে অবদান রাখেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।
গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তারিক। দেশের হয়ে এই সংস্করণে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ১১ শিকার ধরেন তিনি। ১৮ রানে ৪ উইকেট তার সেরা বোলিং।
কলম্বোতে রোববার পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।