১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ডে লেডের অপেক্ষার অবসান

চার বছর পর টি-টোয়েন্টিতে ম‍্যাচ সেরার পুরস্কার জিতলেন নেদারল‍্যান্ডসের এই অভিজ্ঞ অলরাউন্ডার।

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ডে লেডের অপেক্ষার অবসান
ফিফটি ছুঁয়ে বাস ডে লেডে। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 04:02 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

নামিবিয়ার বিপক্ষে অলরাউন্ড নৈপুণ‍্যে ব‍্যবধান গড়ে দিলেন বাস ডে লেডে। আসরে নেদারল‍্যান্ডসের জয়ে বড় ভূমিকা রেখে চার বছর পর টি-টোয়েন্টিতে অভিজ্ঞ এই অলরাউন্ডার জিতলেন ম‍্যাচ সেরার পুরস্কার। 

দিল্লিতে মঙ্গলবারের প্রথম ম‍্যাচে ৭ উইকেটে জিতেছে নেদারল‍্যান্ডস। নামিবিয়ার ১৫৬ রান তারা পেরিয়ে গেছে ১২ বল বাকি থাকতে।

৩ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেওয়ার পর ব‍্যাটিংয়ে ৪৮ বলে খেলেছেন অপরাজিত ৭২ রানের ইনিংস। ম‍্যাচ সেরার লড়াইয়ে তার ধারে কাছে ছিলেন না কেউই। 

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিলংয়ে সবশেষ ম‍্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন ডে লেডে। চেনা প্রতিপক্ষের বিপক্ষেই কাটালেন দীর্ঘ খরা। 

টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ষষ্ঠবার ম‍্যাচ সেরার পুরস্কার জিতলেন ডে লেডে, বিশ্বকাপে জিতলেন তৃতীয়বার।  

ঝড়ের আভাস দেওয়া নামিবিয়ার দুই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান গেরহার্ড এরাসমাস ও জেজে স্মিটকে বিদায় করেন ডে লেডে। তাতে লক্ষ‍্যটা আরও বড় হয়নি।

রান তাড়ায় তৃতীয় ওভারে ক্রিজে গিয়ে মাঠ ছাড়েন দলকে জিতিয়ে। নিজের পঞ্চাশ ছোঁয়া ইনিংসটি সাজান চার ছক্কা ও পাঁচ চারে। ম‍্যাচ শেষে পুরস্কার নেওয়ার সময় বলেছেন, আগে বোলিং করার সুবিধা কাজে লেগে ব‍্যাটিংয়েও।

“আমার মনে হয়, আমাদের ভাগ‍্য ভালো ছিল যে, আগে বোলিং করেছিলাম। এটা আমাদের উইকেট ভালোভাবে বোঝার সুযোগ করে দিয়েছে। আমার মনে হয়, বোলিং গ্রুপ হিসেবে আমরা খুব ভালোভাবে মানিয়ে নিয়েছিলাম। পরের দিকে আমার মনে হয়েছে, বল স্কিড করেছে। তাই সে সময় মানিয়ে নেওয়ায় ব‍্যাটসম‍্যানদেরও কৃতিত্ব দিতে হবে।”  

আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।