কোহলিকে ছাড়িয়ে সাহিবজাদার রেকর্ড
ভিরাট কোহলির এক যুগ পুরনো রেকর্ড ভেঙে দিলেন পাকিস্তানের ওপেনার।
দাসুন শানাকার শর্ট ডেলিভারি পুল করে ডিপ ফাইন লেগ দিয়ে বাউন্ডারিতে পাঠালেন সাহিবজাদা ফারহান। এই চারে পাকিস্তানের ওপেনার গড়লেন রেকর্ড।
ভিরাট কোহলিকে ছাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন সাহিবজাদার।
বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ আসরে ছয় ইনিংসে ৩১৯ রান করে রেকর্ডটি গড়েছিলেন কোহলি। তাকে ছাড়িয়ে যেতে শনিবার পাকিস্তানের ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সাহিবজাদার প্রয়োজন ছিল ৩৭ রান। ষষ্ঠ ওভারের প্রথম বলে লঙ্কান অধিনায়ক শানাকাকে চার মেরে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান ২৯ বছর বয়সী ব্যাটসম্যান।
পাকিস্তানের হয়ে এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড এতদিন ছিল বাবর আজমের। ২০২১ আসরে ছয় ইনিংসে তিনি করেছিলেন ৩০৩ রান।
বাবর, কোহলির রেকর্ড ভেঙে আসরে দ্বিতীয় সেঞ্চুরি করে থামেন সাহিবজাদা। ৯ চার ও পাঁচ ছক্কায় ৬০ বলে ১০০ রান করেন তিনি।
আসরে ছয় ইনিংসে ৭৬ গড় ও ১৬০.২৫ স্ট্রাইক রেটে তার রান এখন ৩৮৩। সেঞ্চুরি ও ফিফটি সমান দুটি করে।
বিশ্বকাপের এক আসরে চারটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা চতুর্থ ক্রিকেটার তিনি। দুইবার এই স্বাদ পেয়েছেন কোহলি (২০১৪ ও ২০২২), একবার করে বাবর (২০২১) ও ম্যাথু হেইডেন (২০০৭)।
