Published : 12 Feb 2026, 04:36 PM
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও নিয়ে বেজায় চটেছেন রাজিব শুক্লা। সেটিকে নকল ও এআই দিয়ে বানানো বলছেন ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআইয়ের সহ-সভাপতি। ভুয়া জিনিস ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করতে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিককে মানা করেছেন তিনি।
পাকিস্তানের ‘আরি নিউজ’ চ্যানেলের একটি অনুষ্ঠানে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা সময় একটি অডিও ক্লিপ ছাড়েন মালিক। ক্লিপটি চালানোর আগে পাকিস্তানি সাবেক অলরাউন্ডার বলেন, “আমি বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লার একটি ক্লিপ শোনাতে চাই।”
রাজিব শুক্লা সংবাদমাধ্যমের সঙ্গে কথা কথা বলছেন, এমন একটি ছবিসহ অডিও ক্লিপটিতে বলতে শোনা যায়, “ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে রাজি করানোর জন্য বিসিসিআইয়ের বারবার অনুরোধের প্রেক্ষিতে আইসিসি প্রতিনিধির উদ্যোগে যে আলোচনা শুরু হয়েছিল, তার ফলাফল দেখে আমি আনন্দিত। ক্রিকেটকে অগ্রাধিকার দিয়ে একটি ভালো ও সৌহার্দ্যপূর্ণ সমাধান পাওয়া গেছে।”
সামাজিক মাধ্যমগুলোতে সেটি ছড়িয়ে পড়তে একদমই সময় লাগেনি। যা চোখ এড়ায়নি রাজিব শুক্লারও। সঙ্গে সঙ্গে একটি এক্স বার্তায় তিনি বলেন, এই অডিও তার নয়।
“ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ নিয়ে আমার মন্তব্যের একটি ভিডিওতে এআই ব্যবহার করে অডিও বদলে দেওয়া হয়েছে। এসব বক্তব্য আমার নয়। আমি সবাইকে অনুরোধ করছি, এ ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট বিশ্বাস বা প্রচার করবেন না এবং যেখানে এমন ভিডিও দেখবেন, রিপোর্ট করুন।”
সেখানেই থেমে থাকেননি রাজিব শুক্লা। কয়েক মিনিট পর আরেকটি এক্স বার্তায় সংবাদ মাধ্যমের সঙ্গে তার কথা বলার মূল ভিডিওটি দিয়ে বিভ্রান্তি ছড়াতে মানা করেন শোয়েব মালিক ও পাকিস্তানের ওই টিভি চ্যানেলকে।
“আমার নামে এআই-তৈরি অডিওসহ যে ভিডিওটি ঘুরছে, সেটি সম্পূর্ণ ভুয়া। শোয়েব মালিক, আরি নিউজ অফিসিয়াল-দয়া করে এই বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার বন্ধ করুন। রেফারেন্স হিসেবে এখানে আমার মূল ভিডিওটি দেওয়া হলো।”
অনেক টানাপোড়েনের পর ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে গত সোমবার সরে আসে পাকিস্তান। পরদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনিয়ে কথা বলেন রাজিব শুক্লা। সেই ভিডিওই এক্সে দেন তিনি। সেখান তাকে ভিন্ন কথা বলতে শোনা যায়।
“ভালো একটি সমাধান এসেছে, একটি বন্ধুত্বপূর্ণ সমাধান যেখানে ক্রিকেটের গুরুত্বকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এটিই করা হয়েছে। তাই এই উদ্যোগ নেওয়ার জন্য, পুরো সমস্যাটি সমাধান করার জন্য এবং ক্রিকেটকে আবার সামনে নিয়ে আসার জন্য আইসিসিকে সাধুবাদ জানাই। আইসিসির জন্য এটি একটি বড় অর্জন। তাই আমি এই উদ্যোগের জন্য, পাকিস্তানকে আলোচনার টেবিলে আনার জন্য এবং অবশেষে কলম্বো ম্যাচে পাকিস্তানের খেলার সিদ্ধান্ত নেওয়ার পথ তৈরি করার জন্য আইসিসিকে ধন্যবাদ জানাতে চাই।”
চলতি মাসের শুরুতে ভারতের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি না খেলার ঘোষণা দেয় পাকিস্তান সরকার। এরপর ক্রিকেট আঙিনায় পড়ে যায় তোলপাড়।
বাণিজ্যিক দিক থেকে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় লড়াইটি আয়োজন করতে উঠেপড়ে লাগে আইসিসি। পরে গত রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনায় বসেন আইসিসি প্রতিনিধি। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান আমিনুল ইসলাম বুলবুলও। দীর্ঘ আলোচনার পরদিন আগের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দেয় পাকিস্তান
কলম্বোতে আগামী রোববার মাঠে গড়াবে ভারত-পাকিস্তান ম্যাচ।