‘১-২ রান করলে ও কিছু শট খেললেই ফর্ম ফিরে পাবে আভিশেক’
বিশ্বকাপে হ্যাটট্রিক শূন্য করা ব্যাটসম্যান পরের ম্যাচেই রানে ফিরবেন, আশা করছেন ভারতের অফ স্পিন গ্রেট হারভাজান সিং।
টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের জন্য যিনি আতঙ্কের নাম, সেই আভিশেক শার্মা এখন হাপিত্যেশ করছেন একটি রানের জন্য। এই সংস্করণের বিশ্বকাপে প্রথমবার খেলতে এসে এখনও রানের খাতাই খুলতে পারেননি তিনি। তবে হ্যাটট্রিক শূন্য করা ব্যাটসম্যানের ওপর আস্থা হারাচ্ছেন না হারভাজান সিং। ভারতের অফ স্পিন গ্রেটের মতে, আভিষেক এই জ্বলে উঠলেন বলে!
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তুমুল আলোচনায় ছিলেন আভিশেক। টি-টোয়েন্টিতে তিনি এখনও র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার ব্যাটিং গ্রেট ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং বলেছিলেন, এবারের আসরের সেরা খেলোয়াড় হবেন ভারতীয় ওপেনার। কিন্তু যেভাবে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন তিনি, সেই সম্ভাবনা এখন মিলিয়ে গেছে অনেকটাই।
বিশ্বকাপ অভিষেকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান আভিশেক। পরের ম্যাচে খেলতে পারেননি তিনি পেটের সমস্যায়। পাকিস্তানের বিপক্ষে ফিরে ফের ব্যর্থ বাঁহাতি ব্যাটসম্যান, আউট হয়ে যান রানের খাতা খোলার আগে। বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষেও শূন্য রানে ড্রেসিং রুমে ফেরেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হওয়া চতুর্থ ক্রিকেটার আভিশেক। এই টুর্নামেন্টে নিজের প্রথম তিন ইনিংসে শূন্যতে ফেরা দ্বিতীয় ব্যাটসম্যান তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ সাত ইনিংসের পাঁচটিতে রান করতে না পারা আভিশেককে নিজের ওপর আস্থা রাখার পরামর্শ দিলেন হারভাজান।
“এরকম কঠিন সময়ের মধ্য দিয়ে কেউ যখন যায়, তখন তার মাথায় অনেক কিছু ঘুরপাক খায়। আভিশেকের জন্য আমার ছোট একটি বার্তা আছে। নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখতে তাকে পরামর্শ দেব। আর এই সময়টাও কেটে যাবে।”
“আমি নিশ্চিত, যেদিন তার ব্যাট কথা বলবে, ভালোভাবেই বলবে। আমরা সেটার জন্য অপেক্ষা করছি। আর আশায় আছি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ম্যাচে সে ফর্মে ফিরবে। আপাতত তাকে মিডউইকেটের দিকে না খেলে সোজা ব্যাটে খেলতে আমি পরামর্শ দেব।”
যুক্তরাষ্ট্রের বিপক্ষে পেসারের বলে আউট হলেও, গত দুই ম্যাচেই অফ স্পিনে উইকেট হারান আভিশেক। হারভাজানের ধারণা, সেই পথে হাঁটতে পারে দক্ষিণ আফ্রিকাও, যাদের বিপক্ষে সুপার এইটের প্রথম ম্যাচ খেলবে ভারত। তবে এতে চিন্তার কিছু দেখেন না তিনি।
“একবার যখন সে ১-২ রান পেয়ে যাবে এবং তারপর যখন কিছু শট খেলবে, তখন তার আত্মবিশ্বাস ও ফর্ম ফিরে আসবে। দক্ষিণ আফ্রিকাও শুরুতেই একজন অফ-স্পিনার আক্রমণে আনতে পারে। তবে সেটা এমন কোনো ব্যাপার নয়।”
আহমেদাবাদে আগামী রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে ভারত।
