Published : 23 Feb 2026, 02:33 PM
ভারতের টপ অর্ডারের তিনজনই বাঁহাতি ব্যাটসম্যান। ইশান কিষান ছাড়া বাকি দুজন নেই ছন্দে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে ব্যাটিং অর্ডারের এই জায়গায় পরিবর্তন আনা উচিত ছিল বলে মনে করছেন হারভাজান সিং। ভারতের অফ স্পিন গ্রেটের মতে, ফর্মে থাকা সুরিয়াকুমার ইয়াদাভকে তিন নম্বরে পাঠানো প্রয়োজন ছিল।
ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ত্রিশের বেশি ম্যাচে তিন নম্বরে খেলেছেন সুরিয়াকুমার। এই পজিশনে তার পরিসংখ্যানও বেশ ভালো। ১৫৮.৫৩ স্ট্রাইক রেটে ৮৬৪ রান করেছেন তিনি। নামের পাশে একটি সেঞ্চুরির সঙ্গে আছে ছয়টি ফিফটি।
চার নম্বরেই অবশ্য বেশি সফল সুরিয়াকুমার। ৬১ ম্যাচে দুই হাজারের বেশি রান করেছেন ১৬৪.৭৪ স্ট্রাইক রেটে। তিনটি সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেছেন ১৭টি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে উপরে তুলে আনলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত বলে মনে হচ্ছে হারভাজানের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব একটা ভালো করছে না ভারতের টপ অর্ডার। বিশেষ করে, আভিশেক শার্মা ও তিলাক ভার্মা। টানা তিন ম্যাচে শূন্যের পর প্রোটিয়াদের বিপক্ষে রানের দেখা পেয়েছেন আভিশেক। তবে এক ছক্কা ও দুই চার মারলেও ফিরে গেছেন ১৫ রানেই।
তিলাক গ্রুপ পর্বের চার ম্যাচে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তো ১ রান করেই ধরেন ড্রেসিং রুমের পথ।
প্রোটিয়াদের বিপক্ষে ১৮৮ রান তাড়ায় পাওয়ার প্লেতে ২৬ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় ভারত। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। গুটিয়ে যায় স্রেফ ১১১ রানে।
দলের হাল ধরতে ওয়াশিংটন সুন্দারকে পাঁচে নামানো হয়। তিনিও এ দিন ছিলেন ব্যর্থ। ভারতের হয়ে বলার মতো রান পান কেবল শিভাব দুবে, ছয়ে নেমে তিনটি ছক্কা ও এক চারে করেন ৪২।
ভারতের এমন ব্যাটিং বিপর্যয় নিয়ে নিউজের ইউটিউব চ্যানেলে হারভাজান সিংও তুলে ধরেন তার পর্যবেক্ষণ। তিনি আঙুল তুললেন ব্যাটি অর্ডারের দিকে।
“আমার মনে হয়, তিলাক ভার্মার জায়গায় তিনে সুরিয়াকুমার ইয়াদাভের নামা উচিত ছিল। আর পাঁচ নম্বরে উচিত ছিল ওয়াশিংটন সুন্দারের বদলে শিভাম দুবেকে পাঠানো, কারণ সে গত ম্যাচে যেভাবে খেলেছে। যখন কেউ ভালো ফর্মে থাকে, তাকে উপরের দিকে ব্যাটিং করানো উচিত। ওয়াশিংটন সুন্দার কেবলই দলে এসেছে, পারফর্ম করার চাপ দুবের চেয়ে তার ওপর বেশি থাকার কথা।”
হারভাজানের মতে, ব্যাটিংয়ের ধরনও ভারতের এমন বিপর্যয়ের কারণ। ম্যাচ পরিস্থিতি বুঝে ব্যাটিং করতে পারছে না দল, মনে হচ্ছে তার।
“ভারত এর চেয়ে অনেক ভালো দল। তারা একই ঘরানায় খেলছে, ক্রমাগত মারার চেষ্টা করছে। যখন উইকেট পড়ে, পরিস্থিতি বিবেচনায় নেওয়া উচিত। সে দিক থেকে সুরিয়া কিছুটা চেষ্টা করেছে, কিন্তু যেমন তাড়না দেখানো প্রয়োজন ছিল, বাকি ব্যাটসম্যানরা সেটা দেখাতে পারেনি। ভারত এখন খুবই কঠিন পরিস্থিতিতে পড়ে গেছে।”
আগামী বৃহস্পতিবার সুপার এইটের পরের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে ভারত।