Published : 22 Feb 2026, 02:58 PM
বিশ্বকাপে নামের পাশে রান নেই একটি। চারপাশে বইছে আলোচনার ঝড়। পাহাড়সম চাপ অনুভব করার কথা আভিশেক শার্মার। মানসিক সেই প্রতিবন্ধকতা তো আছেই, এই ওপেনারের ব্যাটিংয়েও গলদ দেখছেন ইরফান পাঠান। ভারতের সাবেক পেসারের মতে, শট নির্বাচন ঠিকঠাক করতে না পারাই পতন ডেকে আনছে বিধ্বংসী ওপেনারের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিপক্ষ বোলারদের গুঁড়িয়ে দেবেন, উপহার দেবেন ঝড়ো ইনিংস; আসর শুরুর আগে আভিশেককে নিয়ে ছিল এমন প্রত্যাশা। কিন্তু এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে রানের খাতাই খুলতে পারেননি এই সংস্করণের র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান।
বিশ্বকাপে আভিশেকের ব্যর্থতা নিয়ে চলছে নানা বিশ্লেষণ, করা হচ্ছে কাটাছেঁড়া। জিওস্টারে কথা বলার সময় ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা পাঠান বলেন, শট নির্বাচনে ভুল করছেন ভারতীয় ওপেনার।
“আভিশেক শার্মা অফ-স্পিনারদের বিপক্ষে আউট হচ্ছে। পাকিস্তান ও নেদারল্যান্ডসের অফ-স্পিনার তাকে ফিরিয়েছে। সমস্যাটা তার শট নির্বাচনে।”
এরপরই আভিশেকের ব্যাটিংয়ের খুঁটিনাটি বিশ্লেষণ করেন ভারতের হয়ে ২৯ টেস্ট, ১২০ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি খেলা পাঠান।
“তার ব্যাট উঁচু অ্যাঙ্গল থেকে নেমে আসে এবং সে সোজা ব্যাটে খেলার চেষ্টা করছে না। আড়াআড়ি খেলার চেষ্টা করছে। এটাই তাকে বিপদে ফেলছে। জায়গা বানানোর জন্য সে সামনের পা সরিয়ে নেয়, কিন্তু বোলাররা তাকে সেই জায়গাটা দিচ্ছে না। তারা তাকে বল করছে দূরে, নাগালের মধ্যে নয়। এই ধরনের ডেলিভারিগুলো ড্রাইভ করার মতো নয়।”
এখনই নিজের সহজাত ব্যাটিংয়ে পরিবর্তন আনতে আভিশেককে বারণ করেছেন পাঠান। তার মতে, প্রথম বল থেকে আক্রমণে না গিয়ে আগে রানের খাতা খোলা উচিত ।
“তার ব্যাটের অ্যাঙ্গল আড়াআড়িভাবে নেমে আসে, যা তার সহজাত। এটা পরিবর্তন করার প্রয়োজন নেই। এখন যদি বদল করার চেষ্টা করে, তাহলে আরও খারাপ অবস্থা হবে। সে কোনো রান করেনি। তার প্রথম কাজ হবে, সিঙ্গল নিয়ে রানের খাতা খোলা। স্পিনার আক্রমণে এলে প্রান্ত বদল করে ফেলা এবং পেসারদের ওপর চড়াও হওয়া। মার্করাম তাকে বল করতে এলে, প্রথম বল থেকে তেড়েফুঁড়ে মারতে যাওয়ার দরকার নেই।”