শামসিকে ছাড়িয়ে এনগিডির রেকর্ড
জিম্বাবুয়ের রায়ান বার্লকে এলবিডব্লিউ করে বাঁহাতি রিস্ট স্পিনার তাবরেইজ শামসিকে টপকে যান দক্ষিণ আফ্রিকার পেসার।
প্রয়োজন ছিল এক উইকেটের। ম্যাচে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই সেটি পেয়ে যান লুঙ্গি এনগিডি। আর সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের একটি রেকর্ড নিজের করে নেন এই পেসার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের হয়ে এখন সবচেয়ে বেশি উইকেট এনগিডির। বাঁহাতি রিস্ট স্পিনার তাবরেইজ শামসিকে ছাড়িয়ে এই রেকর্ড গড়েন তিনি।
দিল্লিতে রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে এই কীর্তি ধরা দেয় এনগিডির হাতে। জিম্বাবুয়ের রায়ান বার্লকে এলবিডব্লিউ করে দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটি নিজের করে নেন তিনি।
নামের পাশে ৮৯ উইকেট নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামেন এনগিডি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন উইকেট নিয়ে শামসির পাশে বসা পেসার এদিন একাদশ ওভারেই তাকে টপকে যান।
৭০ ম্যাচে ৮৯ উইকেট নিয়েছেন শামসি। তাকে পেছনে ফেলতে সাত ম্যাচ কম লাগল এনগিডির।
টি-টোয়েন্টিতে আশির বেশি উইকেট আছেন আর কেবল একজন দক্ষিণ আফ্রিকান বোলারের। ৮২ উইকেট নিয়ে অভিজ্ঞ পেসার কাগিসো রাবাদা আছেন তালিকায় তিনে। এই সংস্করণে প্রোটিয়াদের হয়ে পঞ্চাশ উইকেট আছে আর ডেল স্টেইন (৬৪), ইমরান তাহির (৬১), ওয়েইন পার্নেল (৫৯), আনরিখ নরকিয়া (৫৬), আন্দিলে ফেলুকওয়ায়োর (৫০)।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট রাশিদ খানের। আফগানিস্তানের এই লেগ স্পিনারের উইকেট সংখ্যা ১৯৩টি। দেড়শ উইকেট আছে আরও পাঁচজনের।
