১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরেকটি ফিফটিতে জায়াওয়ার্দেনের কীর্তি ছুঁলেন নিসাঙ্কা

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির পরের ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন লঙ্কান ওপেনার।

আরেকটি ফিফটিতে জায়াওয়ার্দেনের কীর্তি ছুঁলেন নিসাঙ্কা
পাথুম নিসাঙ্কা। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2026, 06:15 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

আগের ম্যাচে রেকর্ড গড়া সেঞ্চুরি উপহার দেওয়া পাথুম নিসাঙ্কার ব্যাট জ্বলে উঠল আবার। জিম্বাবুয়ের বিপক্ষে এবার পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন তিনি। তাতে দারুণ এক কীর্তি গড়লেন লঙ্কান ওপেনার।

কলম্বোতে বৃহস্পতিবার আটটি চারে ৪১ বলে ৬২ রান করেন নিসাঙ্কা। এবারের আসরে এটি তার দ্বিতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংস। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঠিক ১০০ রান করেছিলেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ আসরে খেলছেন নিসাঙ্কা। এই প্রতিযোগিতায় ২২ ম্যাচে সাতটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন তিনি। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে তার চেয়ে বেশিবার পঞ্চাশ ছুঁতে পারেননি কেউ।

দেশটির ব্যাটিং গ্রেট মাহেলা জায়াওয়ার্দেনেও সাতটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছিলেন, ৩১ ম্যাচে। বিশ্বকাপে ছয়টি পঞ্চাশ আছে তিলাকারাত্নে দিলশানের। কুসাল মেন্ডিস পাঁচবার পেয়েছেন ফিফটির স্বাদ। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে সব দল মিলিয়ে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলার রেকর্ডটি ভিরাট কোহলির। ভারতীয় ব্যাটিং গ্রেট ১৫বার ফিফটি ছুঁয়েছেন। তার সতীর্থ ও ২০২৪ বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শার্মা এই স্বাদ পেয়েছেন ১২বার। দশটি ফিফটি নেই আর কারো।