১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাবরকে নিয়ে পাকিস্তান কোচের মন্তব্য ‘১৫ বার’ পড়েও বুঝতে পারেননি হাফিজ

বাবর আজমের স্ট্রাইক রেট ও পাকিস্তান দলে তার ভূমিকা নিয়ে মাইক হেসনের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন মোহাম্মাদ হাফিজ।

বাবরকে নিয়ে পাকিস্তান কোচের মন্তব্য ‘১৫ বার’ পড়েও বুঝতে পারেননি হাফিজ
মাইক হেসন (বাঁয়ে) ও মোহাম্মাদ হাফিজ। ছবি: স্ক্রিনশট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 08:43 AM

Updated : 26 Aug 2026, 03:00 PM

নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে বাবর আজমের স্ট্রাইক রেট ও পাকিস্তান দলে তার ভূমিকা নিয়ে প্রধান কোচ মাইক হেসনের বক্তব্যের কড়া সমালোচনা করলেন মোহাম্মাদ হাফিজ। দেশটির সাবেক অধিনায়ক বললেন, তিনি বক্তব্যটি অনেকবার পড়েছেন; কিন্তু একদমই বুঝতে পারেননি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড বাবরের। ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিনি খেলেছেন ওপেনিংয়ে। যদিও তার স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হয়েছে বরাবরই। একপর্যায়ে এই পজিশনে তিনি জায়গা হারিয়ে ফেলেন। মাঝে দল থেকেও বাদ পড়েন।

২০২৫ এশিয়া কাপের পর দলে ফেরানো হয় তাকে। এরপর তিনি নিয়মিত তিন নম্বরে ব্যাট করছিলেন। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে তাকে খেলানো হচ্ছে চার নম্বরে।

ওই সিরিজে প্রথম দুই ম্যাচে ভালো করতে না পারলেও, শেষ ম্যাচে ৩৬ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ ব্যাটসম্যান।

বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে ১১৫.৭৮ স্ট্রাইক রেটে বাবর করতে পারেন কেবল ৬৬ রান। গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে চার নম্বরে তো নয়ই, এমনকি পাঁচ নম্বরেও ব্যাটিংয়ে নামানো হয়নি তাকে। চারে খেলানো হয় খাওয়াজা নাফেকে, পাঁচে শাদাব খানকে।

এর ব্যাখ্যায় নিউ জিল্যান্ডের বিপক্ষে সুপার এইটের ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শুক্রবার কোচ হেসন বলেন, “সেদিন আমরা দ্বাদশ ওভারে ছিলাম (ত্রয়োদশ ওভারের প্রথম বলে দ্বিতীয় উইকেট পতনের সময়)। আর সেই মুহূর্তে ব্যাটিংয়ের জন্য বাবর আজম সেরা ব্যক্তি নয়; আমাদের কাছে আরও অনেক বিকল্প আছে, যারা শেষের দিকে সেই ভূমিকা পালন করতে পারে।”

“আমার মনে হয়, বাবর ভালোভাবেই জানে যে, বিশ্বকাপে পাওয়ার প্লেতে তার স্ট্রাইক রেট ১০০ এর কম এবং আমাদের যা প্রয়োজন, সেই ভূমিকা এটি নয়। এশিয়া কাপের পর আমরা বাবরকে একটি নির্দিষ্ট ভূমিকায় ফিরিয়ে এনেছি।”

পাকিস্তানের টিভি চ্যানেল জিও নিউজের ‘গেম অন হ্যায়’ শোতে শনিবার হাফিজ বললেন, হেসনের বক্তব্য কিছুই বুঝতে পারেননি তিনি। 

“বাবর আজমকে নিয়ে তিনি (হেসন) এমন একটি বক্তব্য দিয়েছেন, যা আমি বুঝতে পারিনি। তিনি বলেছেন, সে পাওয়ার প্লের ব্যাটসম্যান নয়, কারণ তার স্ট্রাইক রেট ১০০… এই বক্তব্য আমি ১৫ বার পড়েছি, কিন্তু বুঝতে পারিনি। তাই আমি তোমাকে (অনুষ্ঠানে থাকা পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার) জিজ্ঞেস করছি, কারণ তুমি বড় ভাইয়ের মতো, হয়তো তুমি বুঝতে পারবে। তিনি বলেছেন, বাবর প্রথম ছয় ওভারে ব্যাট করতে পারে না, কারণ তার স্ট্রাইক রেট বেশ কম; তিনি সেই পরিসংখ্যান দিয়েছেন এবং দশম ওভারের পরও সে ব্যাট করতে পারে না। তাহলে সে কেন খেলছে?”

সুপার ফোরে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। একটি বলও খেলা হতে পারেনি। মঙ্গলবার ইংল্যান্ডের মুখোমুখি হবে সালমান আলি আগার দল।