Published : 01 Mar 2026, 04:26 PM
এক ঝটকায় ১০ বছর আগে ফিরে গেলেন ড্যারেন স্যামি। ‘ডেভিড ও গোলাইয়াথের লড়াই’ নিয়ে তার সেই মন্তব্য সেবার আলোড়ন তুলেছিল তুমুল। সেই সুখস্মৃতির আবেশ মেখে ওয়েস্ট ইন্ডিজের কোচ প্রত্যয়ী কণ্ঠে বললেন, আবারও গোলাইয়াথ-বধ কাব্য রচনা করতে চান তারা।
মন্তব্যের পূর্বাপর যারা জানেন, তাদের সবকিছু বুঝে যাওয়ার কথা। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুম্বাইয়ে মুখোমুখি হয়েছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে রোহিত, শার্মা, ভিরাট কোহলি, সুরেশ রায়না, জাসপ্রিত বুমরাহদের ভারত ছিল পরিষ্কার ফেভারিট। সেই ম্যাচের আগের দিন তখনকার ক্যারিবিয়ান অধিনায়ক স্যামি বলেছিলেন, “ডেভিড আর গোলাইয়াথের লড়াইয়ের মতোই মনে হচ্ছে। তবে লোকে প্রায়ই ভুলে যায়, ডেভিড কিন্তু লড়াই জিতেছিল!”
শুধু কথা নয়, কাজেও সেটি প্রমাণ করেছিলেন স্যামিরা। সেই ম্যাচে ৮৯ রানের ধ্রুপদি এক ইনিংস খেলেছিলেন কোহলি। কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়াম আর গোটা ভারতকে স্তব্ধ করে ১৯২ রান টপকে স্মরণীয় জয়ে ফাইনালে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেদিন রোহিত, কোহলির কান্না কাঁদিয়েছিল অনেক ভারতীয়কে।
পরে ফাইনালে কলকাতায় রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ ওভারে কার্লোস ব্র্যাথওয়েটের টানা চার ছক্কায় অবিস্মরণীয় জয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল স্যামির দল।
অবিশ্বাস্যভাবে, সেই আসরের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে আর দেখা হয়নি ভারত ও ওয়েস্ট ইন্ডিজের। ১০ বছর পর আবার মুখোমুখি হচ্ছে দুই দল। এবার সেমি-ফাইনাল নয়, বরং সেমিতে ওঠার লড়াই। সুপার এইটের ম্যাচ হলেও কার্যত কোয়ার্টার-ফাইনাল। জয়ী দল উঠে যাবে শেষ চারে।
সেবারের ফাইনালের ভেন্যু এবারের লড়াইয়ের মঞ্চ। ১০ বছর আগে তার ‘ডেভিড আর গোলাইয়াথের লড়াই’ মন্তব্যর প্রসঙ্গটি এবারও উঠে এলো অবধারিতভাবেই। সেবারের জয়ী অধিনায়ক স্যামি এখন যে ওয়েস্ট ইন্ডিজের কোচ।
দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক ও এখনকার কোচ বললেন, এবারে প্রেক্ষাপটও তার কাছে একই মনে হচ্ছে। ফলাফলেও দেখতে চান পুনরাবৃত্তি।
“এখনও এটিকে ডেভিড ও গোলাইয়াথের লড়াই বলেই মনে হচ্ছে। কথায় আছে, ইতিহাস নিজেরই পুনরাবৃত্তি করতে পারে। তবে এটা ভিন্ন দুটি দল, দুটি দল চেষ্টা করছে টুর্নামেন্টে এগিয়ে যেতে। টুর্নামেন্ট জিততে হলে অবশ্যই কোনো একটি পর্যায়ে ভারতের সামনে পড়া হবেই। আমাদের জন্য সেই দিনটি এসেছে। এখানে জয় পেতে হলে ভালো ক্রিকেট খেলতে হবে।”
“লড়াইটি নিয়ে আমি রোমাঞ্চিত। মোটামুটি নিশ্চিত, মাঠে ৮০ হাজার দর্শক থাকবে, আরও ১৪০ কোটি লোক সমর্থন করবে ভারতকে। ডেভিড ও গোলাইয়াথের লড়াইয়ের মতোই মনে হচ্ছে। তবে যেমনটি বলছিলাম, ২০১৬ সালে ডেভিড হারিয়ে দিয়েছিল গোলাইয়াথকে। আমাদের ছেলেদেরকে এটিই বলব।”