২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ ম্যাচের স্মৃতি মনে করিয়ে স্যান্টনার-ম্যাককনকি জুটির রেকর্ড

৪৭ বলে ৮৪ রানের বিস্ফোরক জুটিতে রেকর্ড গড়লেন এই দুজন।

বাংলাদেশ ম্যাচের স্মৃতি মনে করিয়ে স্যান্টনার-ম্যাককনকি জুটির রেকর্ড
২৬ বলে ৪৭ রানের ইনিংস খেলেন মিচেল স্যান্টনার। ছবি: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 10:53 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

ছয় বলের মধ্যে নেই তিন উইকেট। সাত বলে নেই কোনো রান। ৩২ বলে নেই কোনো বাউন্ডারি। মাঝের ওভারগুলোয় নিউ জিল্যান্ড ধুঁকছিল প্রবলভাবে। তবে শেষ চার ওভারে ঝড় তুললেন মিচেল স্যান্টনার ও কোল ম্যাককনকি। তাদের বিস্ফোরক জুটি জায়গা করে নিল রেকর্ড বইয়ে।

সুপার এইটে বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে সপ্তম উইকেটে ৪৭ বলে ৮৪ রানের জুটি গড়েন এই দুজন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সপ্তম উইকেটে বা এর নিচে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড এটিই।

পেছনে পড়ে গেল প্রায় ১৬ বছর আগে মাইক হাসি ও স্টিভেন স্মিথের ৭৪ রানের জুটির রেকর্ড। ২০১০ বিশ্বকাপে ব্রিজটাউনে বাংলাদেশের বিপক্ষে ৬৫ রানে ৬ উইকেটে হারানোর পর, সপ্তম উইকেটেই এই জুটি গড়েছিলেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান।

কলম্বোতে এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ৯ ওভারে নিউ জিল্যান্ডের রান ছিল ২ উইকেটে ৭৩। পরের ওভারে আউট হয়ে যান গ্লেন ফিলিপস।

দ্বাদশ ওভারে স্পিনার মাহিশ থিকশানার তিন বলের মধ্যে বিদায় নেন রাচিন রাভিন্দ্রা ও মার্ক চ্যাপম্যান। পরের ওভারে ফেরেন ড্যারিল মিচেল। স্কোর ৮৪ রেখে এই তিন ব্যাটসম্যানকে হারায় কিউইরা। এই সময়ে সাত বলে কোনো রান পায়নি তারা। 

ষোড়শ ওভারে ম্যাককনির চারে ৩৩ বলের মধ্যে প্রথম বাউন্ডারির দেখা পায় নিউ জিল্যান্ড। ওই ওভার শেষে তাদের রান ছিল ৬ উইকেটে ৯৮। দেড়শ হওয়াই তখন কঠিন ব্যাপার বলে মনে হচ্ছিল।

তবে ম্যাককনকি ও স্যান্টনারের তাণ্ডবে শেষ চার ওভারে আসে ৭০ রান! ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রানের পুঁজি পায় নিউ জিল্যান্ড।

সাত নম্বরে নেমে চার ছক্কা ও দুই চারে ২৬ বলে ৪৭ রান করেন অধিনায়ক স্যান্টনার। আট নম্বরে ম্যাককনকি তিন চার ও দুই ছক্কায় ২৩ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।

মাইকেল ব্রেসওয়েলের চোটে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া স্পিনিং অলরাউন্ডার ম্যাককনকির আসরে এটি দ্বিতীয় ম্যাচ, ব্যাটিং পেলেন এবারই প্রথম। সুযোগটা কাজে লাগালেন দারুণভাবে।

আর স্যান্টনার ৪৭ রানের ইনিংসটির পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। নিউ জিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে এক হাজার রান ও ১০০ উইকেটের ‘ডাবল’ স্পর্শ করলেন তিনি।

আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর ক্রিকেটারদের মধ্যে স্যান্টনারের আগে এই কীর্তি গড়েছেন পাঁচ জন- সাকিব আল হাসান, মোহাম্মাদ নাবি, সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া ও শাদাব খান।