০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দুবের ঝড় আর ভারুনের স্পিনে ভারতের চারে চার

বিশ্বকাপে টানা ১২ ম্যাচ জিতল গতবারের চ্যাম্পিয়ন ভারত।

দুবের ঝড় আর ভারুনের স্পিনে ভারতের চারে চার
ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেন শিভাম দুবে। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2026, 12:28 AM

Updated : 26 Aug 2026, 02:58 PM

ম্যাচের শেষ ওভারে শিভাম দুবের পরপর দুই বলে হাতছাড়া হলো দুটি ক্যাচ। পরের বলে অবশ্য উইকেট পেলেন তিনি। আগে শিকার ধরেন আরও একটি। তবে আসল কাজটা তিনি করেন ব্যাট হাতে। ঝড়ো ইনিংসে দলকে এনে দেন বড় পুঁজি। চমৎকার বোলিং করেন ভারুন চক্রবর্তি। সবকিছুর যোগফল- ভারতের আরেকটি জয়।

নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের জয় ১৭ রানে।

গ্রুপ পর্বে চার ম্যাচের সবকটি জিতল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে সব মিলিয়ে টানা ১২ ম্যাচ জিতল গতবারের চ্যাম্পিয়নরা।

আহমেদাবাদে বুধবার ২০ ওভারে ১৯৩ রান তোলে ভারত। জবাবে ১৭৬ পর্যন্ত যেতে পারে নেদারল্যান্ডস।

পাঁচ নম্বরে নেমে ছয়টি ছক্কা ও চারটি চারে ৩১ বলে ৬৬ রান করার পর, বল হাতে ৩৫ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ-সেরার স্বীকৃতি পান দুবে। 

রহস্য স্পিনার ভারুন ১৪ রানে নেন ৩ উইকেট।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারতের শুরুটা ভালো ছিল না। অফ স্পিনার আরিয়ান দত্তকে তেড়েফুঁড়ে মারতে গিয়ে বোল্ড হন আভিশেক শার্মা।

টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে প্রথম ও সব মিলিয়ে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার তেতো অভিজ্ঞতা হলো র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যানের।

আগের দুই ম্যাচে ঝড়ো ফিফটি করা ইশান কিষান এ দিনও শুরুটা ভালো করেন। তবে ইনিংস টেনে নিতে পাররেননি এই কিপার-ব্যাটসম্যান (৭ বলে ১৮)।

৩০ পেরিয়ে আউট হয়ে যান পরের দুই ব্যাটসম্যান তিলাক ভার্মা (২৭ বলে ৩১) ও সুরিয়াকুমার ইয়াদাভ (২৮ বলে ৩৪)।

পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়ার সঙ্গে ৩৫ বলে ৭৬ রানের জুটিতে দলকে বড় স্কোর এনে দেন দুবে। ফিফটি করেন তিনি স্রেফ ২৫ বলে। ৬৬ রানের ইনিংসটি ভারতের হয়ে তার সর্বোচ্চ।

তিন ছক্কায় ২১ বলে ৩০ রান করেন পান্ডিয়া।

নেদারল্যান্ডসের লোগান ফন বিক ৩ উইকেট পেলেও রান দেন ৫৬। 

নিজের প্রথম ওভারে উইকেট পান ভারুন চক্রবর্তি। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

নিজের প্রথম ওভারে উইকেট পান ভারুন চক্রবর্তি

রান তাড়ায় ডাচদের প্রথম চার ব্যাটসম্যানই অন্তত ২০ স্পর্শ করেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি কেউ। তিন নম্বরে বাস ডে লেডে করেন ২৩ বলে ৩৩ রান। সেটিই ইনিংস সর্বোচ্চ।

ভারুন নিজের প্রথম ওভারে বিদায় করেন ম্যাক্স ও’ডাউডকে। ইনিংসের ত্রয়োদশ ও নিজের তৃতীয় ওভারে পরপর দুই বলে দুটি শিকার ধরেন তিনি।

শেষ ওভারে ২৮ রানের প্রয়োজনে নেদারল্যান্ডস নিতে পারে ১০ রান।

চার ম্যাচে এক জয় ও তিন হারে আসর শেষ করল ডাচরা।          

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ১৯৩/৬ (আভিশেক ০, কিষান ১৮, তিলাক ৩১, সুরিয়াকুমার ৩৪, দুবে ৬৬, পান্ডিয়া ৩০, রিঙ্কু ৬*; আরিয়ান ৪-০-১৯-২, ফন বিক ৪-০-৫৬-৩, আকারম্যান ৩-০-৩৬-০, ক্লেইন ৪-০-৩৮-১, ডে লেডে ৪-০-২৮-০, ফন ডার মেরওয়া ১-০-১৫-০) 

নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৭৬/৭ (লেভিট ২৪, ও’ডাউড ২০, ডে লেডে ৩৩, আকারম্যান ২৩, আরিয়ান ০, এডওয়ার্ডস ১৫, কাশেয় ২৬, ক্রোস ২৫*, ফন বিক ৪*; আর্শদিপ ৩-০-২২-০, বুমরাহ ৩-০-১৭-১, ওয়াশিংটন ৪-০-৩৬-০, ভারুন ৩-০-১৪-৩, পান্ডিয়া ৩-০-৪০-১, আভিশেক ১-০-১০-০) 

ফল: ভারত ১৭ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: শিভাম দুবে