Published : 28 Feb 2026, 12:06 PM
সেমি-ফাইনালের ঠিকানা ছিল একদম নাগালে। কিন্তু লক্ষ্য ছোঁয়া কাছে গিয়ে খেই হারিয়ে এমনভাবে ছিটকে পড়ল নিউ জিল্যান্ড, ভাগ্য এখন আর নিজেদের হাতে নেই। আক্ষেপ নিয়ে অধিনায়ক মিচেল স্যান্টনার বললেন, পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে থাকবেন তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচটিতে ইংল্যান্ডকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে পৌঁছে যেত নিউ জিল্যান্ড। কলম্বোতে শুক্রবার ১৫৯ রানের পুঁজি নিয়ে জয়ের ক্ষেত্র তারা তৈরি করে ফেলেছিল। শেষ ৩ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৪৩ রান। উইকেট ছিল ৪টি।
কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা উইল জ্যাকস আর বিশ্বকাপে অভিষিক্ত রেহান আহমেদ মিলে চোখের পলকে বদলে দেন চিত্রনাট্য। দুই স্পিনিং অলরাউন্ডারের ব্যাটিং ঝড়ে ৩ বল বাকি রেখেই জিতে যায় ইংল্যান্ড। স্রেফ ১৬ বলে ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজন।
হতাশ স্যান্টনার ম্যাচের পর বলছেন, ছোট ছোট ভুলে বড় খেসারত দিতে হয়েছে তাদেরকে।
“সবকিছু আমাদের নিয়ন্ত্রণেই ছিল। আজকের ম্যাচে অনেক কিছুই ভালো করেছি আমরা, গত দুটি ম্যাচেই করেছি। তবে সবসময়ই ছোট ছোট ব্যাপারগুলি পার্থক্য গড়ে দেয়। ইনিসংজুড়ে আমরা আরেকটু ক্ষুরধার হতে পারতাম, পরিকল্পনার বাস্তবায়নে ও মাঠে নানা কিছুতে। তবে ইংল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে, যেভাবে তারা রান তাড়া করেছে।”
ম্যাচটি জিততে পারলে সেমি-ফাইনাল খেলতে শনিবার মুম্বাইয়ে চলে যেত নিউ জিল্যান্ড দল। এখন কলম্বোতে বসে তাদের অপেক্ষা করতে হবে পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচের।
শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করে যদি ৬৪ রানের মতো ব্যবধানে বা পরে ব্যাট করে ১৩.১ ওভারের পাশেপাশে জিততে পারে পাকিস্তান, তাহলে তারা সেমি-ফাইনালে পৌঁছে যাবে রান রেটে নিউ জিল্যান্ডকে টপকে।
পাকিস্তানের কাজটি খুবই কঠিন। সম্ভাবনায় তাই এগিয়ে কিউইরা। তবে খেলাটি ক্রিকেট, শেষের আগে শেষ নয় কিছুই। স্যান্টনার ঠিকই অনুভব করছেন পেটে প্রজাপতির নাচন।
“বেশ নার্ভাস… কালকে স্নায়ুর চাপকে সঙ্গী করেই আমরা দেখব কী হয়…। তবে ব্যাপারটি এখন আর আমাদের নিয়ন্ত্রণে নেই এবং করার তেমন কিছু নেই। স্রেফ অপেক্ষা করব ও দেখব এবং হয়তো ভারতের প্লেনে চেপে বসব অথবা নিউ জিল্যান্ডের। আজকে জিততে পারলে সবকিছুই সহজ করে ফেলতে পারতাম আমরা…।”