Published : 05 Mar 2026, 04:07 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর কেটে গেছেন চারদিন। কিন্তু মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে এখনও ভারত ছাড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল। অন্য দেশে আটকা পড়া জীবন আর ভালো লাগছে না ক্যারিবিয়ানদের কোচ ড্যারেন স্যামির।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বৃহস্পতিবার চার শব্দের একটি পোস্ট করেন ক্যারিবিয়ানদের দুটি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া স্যামি। সেখানে তিনি লেখেন, “আমি স্রেফ বাড়ি যেতে চাই।”
স্যামির এই অল্প কথায়ই ফুটে উঠছে কতটা আগ্রহ নিয়ে দেশে ফেরার অপেক্ষায় আছেন তিনি ও তার দল।
কলকাতায় গত রোববার সুপার এইটের ম্যাচে ভারতের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। পরদিন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিবৃতি দিয়ে জানায়, আপাতত দেশে ফেরা হচ্ছে বিশ্বকাপ দলের।
কারণ হিসেবে তারা উল্লেখ করে, ‘আন্তর্জাতিক আকাশসীমা বিধিনিষেধের’ কথা। তবে দ্রুতই দলকে দেশে ফেরানোর জন্য কাজ করার কথাও তারা জানায়। কিন্তু চার দিন কেটে গেলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।
গত শনিবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করে ইরান। যার ফলে তখনই মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়।
ওয়েস্ট ইন্ডিজের আগে সুপার এইট থেকে বিদায় নেওয়া জিম্বাবুয়ে দলও ভারতে আটকা পড়ে। পরে বুধবার বিকল্প পথে প্রথম ধাপে তাদের দলের কয়েকজনের ভারত ছাড়ার ব্যবস্থা করে আইসিসি।
ইরানে এখনও হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে। পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে ইরানও। তাতে এখনও মধ্যপ্রাচ্যে অস্থিরতা কাটেনি।
প্রথম সেমি-ফাইনালে বুধবার নিউ জিল্যান্ডের বিপক্ষে হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। এখন তাদেরকে অপেক্ষা করতে হবে দেশে ফেরার জন্য।