১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নিউ জিল্যান্ডের বড় জয়ে আরও কঠিন পাকিস্তানের সেমির পথ

শেষ ম্যাচে শুধু শ্রীলঙ্কাকে হারালেই চলবে না, রান রেটের ব্যাপারটিও মাথায় রাখতে হবে সালমান আলি আগার দলকে।

নিউ জিল্যান্ডের বড় জয়ে আরও কঠিন পাকিস্তানের সেমির পথ
বিদায়ের দুয়ারে দাঁড়িয়ে পাকিস্তান। ছবি: পাকিস্তান ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2026, 12:37 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

নিউ জিল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল শ্রীলঙ্কা, চোট কিছুটা গিয়ে লাগল পাকিস্তানেরও। সুপার এইটের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে শুধু জিতলেই চলবে না সালমান আলি আগা দলের, ভাবনায় রাখতে হবে রান রেটও।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে বুধবার যদি লঙ্কানরা জিতে পারত, তাহলে পাকিস্তান-শ্রীলঙ্কার লড়াই হয়ে উঠত কার্যত কোয়ার্টার-ফাইনাল। কিন্তু কিউইদের বড় জয়ে বদলে গেছে বাস্তবতা। 

এই গ্রুপ থেকে আগেই সেমি-ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। কিউইদের ভাগ্যও এখন নিজেদের হাতেই। শুক্রবার ইংল্যান্ডকে হারাতে পারলে শুধু সেমি-ফাইনাল নিশ্চিতই হবে না তাদের, গ্রুপ চ্যাম্পিয়নও হয়ে যাবে তারা। সেক্ষেত্রে সেমি-ফাইনালে সামনে পাবেন তারা অন্য গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলকে। 

নিউ জিল্যান্ড জিতে গেলে ছিটকে পড়বে পাকিস্তানও। শনিবার শ্রীলঙ্কার সঙ্গে তাদের ম্যাচটি হবে কেবলই নিয়ম রক্ষার।

তবে নিউ জিল্যান্ড যদি হেরে যায়, তখন জিইয়ে থাকবে পাকিস্তানের সম্ভাবনা। রান রেটের চ্যালেঞ্জ অবশ্য থাকবে তাদের জন্য। 

শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে নিউ জিল্যান্ডের রান রেট এখন +৩.০৪৫। পাকিস্তানের রান রেট -০.৪৬১।

শুক্রবার ইংল্যান্ড যদি আগে ব্যাট করে ১৮০ রান তোলে এবং নিউ জিল্যান্ডকে ৩০ রানে হারায়, তাহলে পরদিন শ্রীলঙ্কার বিপক্ষে ৪০ রানে জিততে হবে পাকিস্তানকে (যদি তারা আগে ব্যাট করে)। 

অন্যভাবে বললে, এই দুই ম্যাচের জয়-পরাজয়ের ব্যবধান সব মিলিয়ে ৭০ রানের মতো থাকতে হবে।

আবার নিউ জিল্যান্ড যদি আগে ব্যাট করে ১৫০ রান করে এবং ইংলিশরা যদি সেটা ১৭ ওভারে টপকে যায়, তাহলে পরদিন শ্রীলঙ্কা ১৫০ রান করলে সেটি টপকে পাকিস্তানকে জিততে হবে ১৪.৪ ওভারের মধ্যে।

ইংল্যান্ড-নিউ জিল্যান্ড ম্যাচের পর আরও পরিষ্কার হবে চিত্র। নিউ জিল্যান্ড জিতে গেলে সব সমীকরণ শেষ। ইংল্যান্ড জিতলে তখন বোঝা যাবে, রান রেটের কেমন হিসাব অপেক্ষা করছে পাকিস্তানের সামনে। 

এই দুই ম্যাচ শুধু সেমি-ফাইনালের একটি দলই চূড়ান্ত করে দেবে না, সেমি-ফাইনালের ভেন্যুও নির্ধারণ করে দেবে। নিউ জিল্যান্ড জায়গা করে নিয়ে প্রথম সেমি-ফাইনাল হবে কলকাতায়, পাকিস্তান সেমি-ফাইনালে উঠলে ম্যাচটি হবে কলম্বোয়।