১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্যাটিং তাণ্ডবে ভারতের ২০ ওভারে ২৫৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড হলো না ৪ রানের জন্য।

ব্যাটিং তাণ্ডবে ভারতের ২০ ওভারে ২৫৬
ইনিংসের শেষ দুই বলে ছক্কা মেরে ২৩ বলে ফিফটি করেন হার্দিক পান্ডিয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2026, 02:28 AM

Updated : 26 Aug 2026, 03:02 PM

প্রথম ছয় ব্যাটসম্যানের সবাই ব্যাটিং করলেন দেড়শর বেশি স্ট্রাইক রেটে। পাঁচ জন ছাড়ালেন ত্রিশ, যার মধ্যে দুই জন করলেন ঝড়ো ফিফটি। দারুণ কার্যকর সব ইনিংসে রানের পাহাড় গড়ল ভারত।

চেন্নাইয়ে বৃহস্পতিবার সুপার এইটের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রান করেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি।

রেকর্ড হয়নি চার রানের জন্য। ২০০৭ সালে উদ্বোধনী আসরে কেনিয়ার বিপক্ষে ২৬০ রান করেছিল শ্রীলঙ্কা।

ম্যাচের আগের দিন জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল বলেছিলেন, তাদের বোলিং বৈচিত্র্য দিয়ে ভারতকে চমকে দিতে চান তারা। কিন্তু হলো যেন তার কথার ঠিক উল্টোটা! 

জিম্বাবুয়ের বিপক্ষে পরপর দুই ম্যাচে হলো আড়াইশর বেশি রান। সুপার এইটেই ওয়াংখেড়েতে ২০ ওভারে ২৫৪ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। 

বিশ্বকাপে ভারতের আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২১৮ রান, ২০০৭ সালে ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে।

ভারতের এবারের সংগ্রহে সর্বোচ্চ ৫৫ রান করেন আভিশেক শার্মা। এই ওপেনারের ৩০ বলের ইনিংস গড়া চারটি করে চার ও ছক্কায়।

আসরে পাঁচ ম্যাচ খেলে তার প্রথম ফিফটি এটি। টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি করেছিলেন ১৫ রান।

একাদশে ফিরে আরেক ওপেনার সাঞ্জু স্যামসন ১৫ বলে করেন ২৪ রান। তিন নম্বরে ইশান কিষান ২৪ বলে করেন ৩৮। অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ চার নম্বরে করেন ১৩ বলে ৩৩ রান। 

ইনিংসের শেষ দুই বলে ছক্কা মেরে ২৩ বলে ৫০ রানে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। চারটি করে চার ও ছক্কায় গড়া তার ইনিংসটি। চারটি ছক্কা ও তিনটি চারে ১৬ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন তিলাক ভার্মা।

পঞ্চম উইকেটে এই দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ৩১ বলে আসে ৮৪ রান।

ভারতের ইনিংসে ‘ডট’ বল ২৬টি। বিশ্বকাপে ২০ ওভারের পূর্ণাঙ্গ ইনিংসে যৌথভাবে সবচেয়ে কম ‘ডট’ বলের নজির এটি। ২০১৬ আসরে ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ইনিংসেও ছিল ২৬ ‘ডট’ বল।

ভারতের ইনিংসে ছক্কা হয়েছে মোট ১৭টি, বিশ্বকাপে এক ইনিংসে যা তাদের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ২০২৪ আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫টি।

চলতি আসরে ভারতের মোট ছক্কা এখন ৬৩টি। এটি বিশ্বকাপের এক আসরে তাদের সর্বোচ্চ। পেছনে পড়ে গেছে গত আসরের ৬১টি।

জিম্বাবুয়ের হয়ে রান দেওয়ার ফিফটি করেন দুজন। চার ওভারে ৬২ রানে একটি উইকেট পান রিচার্ড এনগারাভা। চার ওভারে ৫২ রান দিয়ে উইকেটশূন্য থাকেন ব্র্যাড ইভান্স।

রাজার অসাধারণ ডাবল

ভারতের জয়ে সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকা

রেকর্ড সংগ্রহ গড়ে ভারতের বড় জয়

গেইলের ৯৮ রানের পর বেনেটের ৯৭*