Published : 23 Feb 2026, 09:51 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপের আলোচিত নামগুলোর একটি উসমান তারিক। তবে শুধু এই স্পিনারের দিকেই সব মনোযোগ দিচ্ছে না ইংল্যান্ড। পুরো পাকিস্তান দলকেই নিষ্ক্রিয় করে রাখার ছক কষার কথা বলেছেন ইংলিশ স্পিনার লিয়াম ডসন।
সুপার এইটের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্ব মঞ্চে ভালো অবস্থায় আছে ইংল্যান্ড। তাদের পরের প্রতিপক্ষ পাকিস্তান। পাল্লেকেলেতে মঙ্গলবার সন্ধ্যায় মুখোমুখি হবে দুই দল।
পাকিস্তানের বিশ্বকাপ দলের যাকে নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে, তিনি হলে তারিক। এই অফ স্পিনার অবশ্য আলোচনায় বিশ্বকাপের আগে থেকেই। আধুনিক রহস্য স্পিনারদের মতোই ক্যারম বল, গুগলিসহ নানা বৈচিত্র তার আছে। তবে নিজেকে তিনি আলাদা করেছেন বোলিং অ্যাকশন দিয়ে।
সাধারণভাবে রান-আপে এগিয়ে গিয়ে ডেলিভারি স্ট্রাইডে অস্বাভাবিকভাবে থেমে যান তিনি, সেটি অনেক সময় ২-৩ সেকেন্ডও হয়ে যায়। এরপর বল ডেলিভারি করে অনেকটাই লো-আর্ম বা সাইড-আর্ম কিংবা স্লিঙ্গিং অ্যাকশনে। তার রহস্যের কেন্দ্রে মূলত এটিই। এছাড়া প্রথাগত স্পিনারদের মতো ফ্লাইট আর গতির বৈচিত্র ও ক্রিজের ব্যবহার তো আছেই।
মাত্র তিনটি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে খেলতে এসেছেন তারিক। তাতে কী! যে পারফরম্যান্স এখন পর্যন্ত উপহার দিয়েছেন তিনি, বোঝার উপায় নেই তার অভিজ্ঞতা কম। বিশ্ব মঞ্চে ব্যাটসম্যানদের জন্য হুমকি হয়ে উঠেছেন তিনি।
বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তারিক। তিনটিতেই পেয়েছেন উইকেটের স্বাদ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৭ রানে তিন শিকার ধরা এই অফ স্পিনার ভারতের বিপক্ষে নেন একটি উইকেট।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামিবিয়ার ব্যাটিং গুঁড়িয়ে দেন তারিক। স্রেফ ১৬ রানে চার উইকেট নেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতেই যা তার ক্যারিয়ার সেরা। আর পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে ৬ ইনিংসেই দুইবার চার উইকেট পেয়ে গেলেন তিনি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কমপক্ষে পাঁচ উইকেট পাওয়া স্পিনারদের মধ্যে এখন পর্যন্ত ওভারপ্রতি সবচেয়ে কম রান (৫.৮২) দিয়েছেন তারিক। তাকে খেলা যে কঠিন, সেটা ফুটে উঠছে এই পরিসংখ্যানেও।
তারিক ছাড়াও পাকিস্তান দলে স্পিনার আছেন আরও- শাদাব খান, আবরার আহমেদ, সাইম আইয়ুব, মোহাম্মাদ নাওয়াজ, সালমান আলি আগা। ডসন বললেন, শুধু তারিক নয়, পুরো পাকিস্তান দল নিয়েই পরিকল্পনা করছেন তারা।
“এটা কেবল তারিকের ব্যাপার নয়। ভয়ঙ্কর কয়েকজন ক্রিকেটার নিয়ে তারা খুবই ভালো দল। আর তারিক অবশ্যই খুবই ভালো বোলার।”
“তবে আমরা কেবল তাকে নিয়েই পড়ে থাকব না। তাদের পুরো দলের দিকেই নজর দেব এবং দেখব তাদেরকে কীভাবে রুখে দেওয়া যায়।”
সুপার এইটে পাকিস্তানের প্রথম ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টিতে, প্রতিপক্ষ ছিল নিউ জিল্যান্ড।