২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

৫০ লাখ রুপি জরিমানা ‘কোনো শাস্তিই নয়’ আফ্রিদির চোখে

পাকিস্তানি ক্রিকেটারদের এত ছোট অঙ্কের জরিমানায় বিরক্ত শাহিদ আফ্রিদি, কিছু ক্রিকেটারকে অন্তত দুই বছর জাতীয় দলে দেখতে চান না সাবেক এই অধিনায়ক।

৫০ লাখ রুপি জরিমানা ‘কোনো শাস্তিই নয়’ আফ্রিদির চোখে
ক্রিকেটারদের ক্রিকেটীয় শাস্তি দেখতে চান আফ্রিদি। ছবি: শাহিদ আফ্রিদির ফেইসবুক পাতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2026, 10:27 AM

Updated : 26 Aug 2026, 03:04 PM

৫০ লাখ রুপি জরিমানা? এত কম! এই শাস্তির কোনো মানেই খুঁজে পাচ্ছেন না শাহিদ খান আফ্রিদি। এটিকে আসলে কোনো শাস্তিই মনে করেন না তিনি। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, কিছু ক্রিকেটারকে অন্তত বছর দুয়েক জাতীয় দলের বাইরে রাখা উচিত।

পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে আলোচিত খবর এই মুহূর্তে ক্রিকেটারদের জরিমানা। বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া দলের প্রতিটি সদস্যকে ৫০ লাখ রুপি (১৮ হাজার মার্কিন ডলারের মতো) করে জরিমানা করা হয়েছে বলে খবর বেরিয়েছে সেখানকার সংবাদ মাধ্যমে। 

যদিও সেই খবরের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সাধারণ হিসেবেও এমন জরিমানার খবর বিস্ময়কর। এমন কিছুর নজিরও বিরল। দল ব্যর্থ হলেও বিশ্বকাপে রান ও সেঞ্চুরির রেকর্ড গড়েছেন সাহিবজাদা ফারহান, ভালো করেছেন আরও দু-একজন। তাদেরও কি জরিমানা হবে? এমন প্রশ্নও উঠছে। সব মিলিয়ে ধোঁয়াশা আছে অনেক।

তবে আলোচনার কমতি নেই। খবরটিকে সত্যি ধরে নিয়েই পাকিস্তানের সামা টিভিতে ঝড় তুলেছেন আফ্রিদি। তার মতে, এত ছোট আর্থিক জারমানার চেয়ে কঠিন ক্রিকেটীয় শাস্তি হওয়া উচিত।

“এরকম সিদ্ধান্তের কারণ বুঝে ওঠা কঠিন। এটা তো খুবই সংকীর্ণ ভাবনা। খুবই ছোট অঙ্কের জরিমানা এটি। ৫০ লাখ রুপিতে আপনি কি করবেন? এটাকে তো এমনকি কোনো শাস্তিও মনে হচ্ছে না।”

“যে ক্রিকেটাররা পারফর্ম করেনি, তাদেরকে প্রথম শ্রেণির ক্রিকেটে পাঠিয়ে দিন। কিছু ক্রিকেটার আছে, আমার মনে হয়, অন্তত দুই বছর তাদেরকে জাতীয় দলে নেওয়া উচিত নয়। এটিই যথেষ্ট। যাদেরকে বিরতি দেওয়া প্রয়োজন, বিরতি দিন। ক্রিকেটারদের ভেতরে পরিবর্তন আনতে পারলে সেই শাস্তিই যথেষ্ট।”

শাহিদ আফ্রিদির মেয়ের জামাই শাহিন শাহ আফ্রিদিও বিশ্বকাপে পাকিস্তান দলে ছিলেন এবং একটি ম্যাচ ছাড়া সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেননি। 

বিশ্বকাপের গ্রপ পর্বের সবচেয়ে বড় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বড় ব্যবধানে হেরে যায় পাকিস্তান। সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা হারে ইংল্যান্ডের কাছে। পরে শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন লড়াইয়ের পর জিতলেও রান রেটের সমীকরণ মেলাতে না পারায় ছিটকে পড়ে তারা সেমি-ফাইনালের লড়াই থেকে।