Published : 26 Feb 2026, 01:32 PM
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি বেশ আগেই করে ফেলেছিলেন মিচেল স্যান্টনার। এবার হাজার রানও করে ফেললেন তিনি। এই যুগলবন্দিতে দারুণ এক তালিকায় জায়গা করে নিলেন নিউ জিল্যান্ডের অলরাউন্ডার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বুধবার ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ২৬ বলে ৪৭ রানের ইনিংসের পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ হাজার রান স্পর্শ করেন স্যান্টনার। এই সংস্করণে ১ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল পূর্ণ করা অষ্টম ক্রিকেটার হয়ে যান তিনি।
এই ম্যাচের আগে তার উইকেট ছিল ১৩৬টি। দলের বড় জয়ের ম্যাচে এ দিন আরেকটি উইকেট যোগ করেন নিউ জিল্যান্ডের অধিনায়ক।
কলম্বোতে স্যান্টনার বুধবার রাতে যখন মাইলফলক স্পর্শ করলেন স্যান্টনার, তিনি নিশ্চিতভাবেই জানেন না, ক্রিকেট দুনিয়ার অন্য প্রান্তে এ দিনই এই তালিকায় ঢুকে গেছেন আরেকজন! হংকংয়ের অলরাউন্ডার আইজাজ খানের জন্যও দিনটি স্মরণীয়।
সবার আগে এই ‘ডাবল’ অর্জন করেছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার ২০২১ সালে অনন্য এই কীর্তিতে নামা লেখার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ম্যাচে অ্যাশটন টার্নারকে আউট করে মাইলফলক পূর্ণ করেন তিনি।
গত কয়েক বছরে সেই তালিকা বেড়ে আইজাজ স্যান্টনারকে নিয়ে এখন ৮ জন। তাদের মধ্যে ৬ জনই স্পিনিং অলরাউন্ডার।
স্যান্টনারের আগের দিনই এই ডাবলে নিজেকে রাঙিয়েছেন পাকিস্তানের শাদাব খান। তার একশর বেশি উইকেট ছিল আগে থেকেই। ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ের ম্যাচে হাজার রান পূর্ণ করেন পাকিস্তানি অলরাউন্ডার।
সাকিব, শাদাব ও স্যান্টনার ছাড়া আছেন আফগান নায়ক মোহাম্মাদ নাবি, মালেয়েশিয়ার ভিরানদিপ সিং এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা, এখন যিনি র্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার।
পেস বোলিং অলরাউন্ডারদের একদিন এই অর্জন ছিল শুধু হার্দিক পান্ডিয়ার। ভারতীয় অলরাউন্ডার এবার পেলেন সঙ্গী। কুয়েতের বিপক্ষে ম্যাচে বুধবার ১ উইকেট নিয়ে ১০০ উইকেট পূর্ণ করেন হংকংয়ের অলরাউন্ডার আইজাজ খান। হাজার রান ছিল তার আগে থেকেই।