Published : 03 Mar 2026, 08:38 PM
স্পিন বোলিংয়ে ভারতকে শক্তিশালী দলগুলোর একটি মনে করা হয়। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের স্পিনারদের তেমন ভয়ঙ্কর মনে হচ্ছে না মাইকেল ভনের। বরং ইংল্যান্ডের স্পিন আক্রমণ বেশি ভালো করছে বলে মনে করছেন ইংলিশ সাবেক অধিনায়ক।
টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এবারের আসরের সহ-আয়োজকও তারা। শক্তি-সামর্থ্য, পরিচিত কন্ডিশন; সব মিলিয়ে ফেভারিট হিসেবে আসর শুরু করে তারা। কিন্তু কয়েকটি ম্যাচে সেরা চেহারায় দেখা যায়নি সুরিয়াকুমার-পান্ডিয়াদের।
শিরোপা ধরে রাখার অভিযানে অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করে ভারত। কিন্তু সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে বড় ধাক্কা খায় তারা। পরের দুই ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়িয়ে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমি-ফাইনালে জায়গা করে নেয় স্বাগতিকরা।
ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। যারা এখন পর্যন্ত আসরে নিজেদের সেরাটা খেলতে পারেনি। নেপালের বিপক্ষে হরতে বসেছিল দলটি। পরে ক্যারিবিয়ানদের সঙ্গে হেরেই যায় তারা। এরপর অবশ্য আর কোনো ম্যাচ হারেনি ইংলিশরা।
টেস্ট ম্যাচ স্পেশাল পডকাস্টে ভন বলেন, সেরা ছন্দ খুঁজে না পেলেও কোনো না কোনোভাবে জয় পাচ্ছে ব্রুক-সল্টরা।
“তারা জয়ের পথ খুঁজে বের করেছে। নিউ জিল্যান্ডের ম্যাচটি যদিও খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না, তবু শেষ পর্যন্ত জিততে পারা দারুণ এক অর্জন ছিল।”
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক পাচ্ছেন জস বাটলার। ফিল সল্টও এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি। কেবল হ্যারি ব্রুকই ভালো করছেন, একটি সেঞ্চুরি করেছেন ইংলিশ অধিনায়ক পাকিস্তানের বিপক্ষে।
ব্যাটিংয়ে এখনও নিজেদের সেরাটা দিতে না পারলেও বোলিংয়ে ভালো করছে ইংল্যান্ড। বিশেষ করে তাদের তিন স্পিনার-আদিল রাশিদ, লিয়াম ডসন ও উইল জ্যাকস। সঙ্গে তো আছেন পেসার জফ্রা আর্চার, স্যাম কারান ও জেমি ওভারটন।
ভনের মতে, স্পিনে ভারতের চেয়ে ভালো করছে ইংল্যান্ড।
“ভারতের চেয়ে ইংল্যান্ডের ইংল্যান্ডের স্পিন আক্রমণ ভালো। ভারুন চক্রবর্তীর ওপর ব্যাটসম্যানরা চড়াও হয়ে খেলছে। স্পিন বিভাগের কথা বললে, ডসন, রাশিদ ও উইল জ্যাকস টুর্নামেন্টের সেরা ত্রয়ী।”
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার ভারুন চক্রবর্তী। এবারের বিশ্বকাপে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। এখন পর্যন্ত ১২ শিকার ধরেছেন ভারতীয় স্পিনার।
যদিও সবশেষ দুই ম্যাচে খরুচে ছিলেন ভারুন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৭ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০ রান দেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে যে স্পিনারের রেকর্ড ভালো, সেই বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভকে এবারের বিশ্বকাপে খেলাচ্ছে না ভারত। এখন পর্যন্ত আসরে স্রেফ তিন ওভার বোলিং করেছেন তিনি।
ব্যাটিংটা এখন নিজেদের মানের করতে না পারলেও, অন্য সব বিভাগে দুর্দান্ত ভালো করছে ইংল্যান্ড, মনে করছেন ভন। তার মনে ডাক দিচ্ছে, মুম্বাইয়ে বৃহস্পতিবারের সেমি-ফাইনালে স্বাগতিকদের হারিয়ে দেবে ব্রুকরা।
“এখন পর্যন্ত অসাধারণ ফিল্ডিং করছে ইংল্যান্ড। তাদেরকে সতর্ক মনে হচ্ছে। দৌড়ে রান নেওয়ার ক্ষেত্রেও দারুণ করছে।”
“ছোটখাটো যে বিষয়গুলো নিজেদের নিয়ন্ত্রণে থাকে, ইংল্যান্ড সেগুলো বেশ ভালোই করছে বলে মনে হচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে, মুম্বাইয়ে ইংল্যান্ডই শেষ পর্যন্ত জিতবে।”